কার্ড গ্রাহকদের আনন্দ বাড়াচ্ছে বৈশাখী ছাড়
বাঙালি, বৈশাখ তো উদযাপন করবেই। এ উপলক্ষে কেনাকাটা, সাজগোজ, ঘোরাফেরা হবে। বিশেষ খাওয়া পান্তা ইলিশও বাদ পড়বে না। এসব আয়োজনকে আরও আনন্দঘন করতে এগিয়ে এসেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ব্যাংকগুলো তাদের কার্ড ব্যবহারকারীদের জন্য দিচ্ছে নানান ছাড়।
ব্রান্ডের বিভিন্ন শোরুমে কেনাকাটায় মিলছে এসব ছাড়। পাশাপাশি সাজগোজ, খানাপিনাতেও মিলছে তা। ফুল কিনতেও ছাড় মিলছে কোনো কোনো ব্যাংকের কার্ডে, যা গ্রাহকদের আনন্দকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আনিস এ খান প্রথম আলোকে বলেন, গ্রাহকদের জন্য ব্যাংকগুলোর পক্ষ থেকে এটা উপহার। এ সময় কেনাকাটা বেড়ে যায়, এ ছাড়ের ফলে গ্রাহকেরা খুশি হয়। আনিস এ খান আরও বলেন, ছাড়ের ফলে ব্যাংকগুলোর বিক্রি বাড়ে, নতুন গ্রাহকও যুক্ত হয়। এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি হয়।
জানা গেছে, বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাদের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ১৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ দিয়েছে। অন্যমেলা, আবর্তন, বাংলার মেলা, বিশ্বরঙ, দর্জিবাড়ি, কে ক্র্যাফট, লারিভ, লুবনান, নিপুণ, রং ও ইয়ংকে কেনাকাটায় মিলছে ১০ শতাংশ ছাড়। এ ছাড়া ১০ শতাংশ ছাড় মিলবে পারসোনায় সাজলে।
একইভাবে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনাকাটার সুযোগ দিয়েছে। দিশারি থেকে কেনাকাটায় ৩০ শতাংশ, আহাং থেকে কেনাকাটায় ২২ শতাংশ, দিদিমণিতে কেনাকাটায় ২০ শতাংশ, মুনসে ১৭ শতাংশ, আর্টিজান, ওয়েসটেকস, জারা ফ্যাশন মলে কেনাকাটায় মিলছে ১৫ শতাংশ ছাড়। আরও ২০টি শোরুম থেকে কেনাকাটায় ১০ শতাংশ ছাড় পাচ্ছে এমটিবির কার্ডধারীরা। ঢাকা ব্যাংকের কার্ড দিয়ে কে ক্র্যাফট ও ইয়ংকে থেকে কেনাকাটায় মিলছে ১০ শতাংশ ছাড়। সাউথইস্ট ব্যাংকের কার্ডে কেনাকাটায় আম্বর লাইফ স্টাইলে ১৫ শতাংশ, আহাংয়ে ২৫ শতাংশ, ডায়মন্ড ওয়ার্ল্ডে ২৭ শতাংশ, লেদারেক্সে ১২ শতাংশ ছাড় মিলছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি শোরুম থেকে কেনাকাটায় বড় ছাড় পাচ্ছে সাউথইস্ট ব্যাংকের কার্ডধারীরা।
ব্র্যাক ব্যাংকের গ্রাহকেরা আড়ং থেকে কেনাকাটায় পাচ্ছে ১৫ শতাংশ ছাড়। পাশাপাশি বেশ কয়েকটি শোরুমে কেনাকাটায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ব্র্যাক। আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলার কার্ডেও মিলছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। আড়ংয়ে ১২, আর্টিসানে ১৫, টাঙ্গাইল তাঁত ঘরে ২০ শতাংশ ছাড় মিলছে।
ব্র্যাক ব্যাংকের গ্রাহক তৌহিদুল আলম বলেন, ‘ব্যাংক আমার চাপ বুঝতে পেরেছে, এ জন্য ভালো লাগছে। বৈশাখে অনেক কেনাকাটা করতে হয়। ছাড়ের কারণে চাপ কম মনে হচ্ছে।’