কার্পেটে মুগ্ধ ক্রেতা-দর্শনার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্য মেলায় একটি স্টলে কার্পেট দেখছেন ক্রেতা-দর্শনার্থীরা ।  ফোকাস বাংলা
বাণিজ্য মেলায় একটি স্টলে কার্পেট দেখছেন ক্রেতা-দর্শনার্থীরা । ফোকাস বাংলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাহারি কার্পেটে মুগ্ধ ক্রেতা-দর্শনার্থীরা। বিশেষ করে ইরান, তুরস্ক ও ভারতীয় কার্পেটের প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছেন ক্রেতারা। আর এসব দোকানে বেচাকেনাও বেশ ভালো।
বাণিজ্য মেলায় গতকাল বুধবার সরেজমিনে এ চিত্র পাওয়া গেছে। আকারভেদে কার্পেট মিলছে চার থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত। মেলায় তুরস্ক, ইরান ও ভারতের একাধিক কার্পেটের দোকান রয়েছে।
প্রতিবছরই বাণিজ্য মেলায় কার্পেটের বিশেষ চাহিদা থাকে। বিশেষ করে দৃষ্টিনন্দন ইরানি ও তুর্কি কার্পেটের জন্য ক্রেতাদের আগ্রহ বেশি। তাই ইরান ও তুরস্কের দোকানগুলোর প্রধান পণ্যই হলো কার্পেট ও কার্পেটজাতীয় পণ্য। এবারের বাণিজ্য মেলায় কার্পেটের দোকানে শেখ, সিল্কি ও পশমি কার্পেটের চাহিদা বেশি। তবে দোকানভেদে দামও ওঠা-নামা করছে।
ইরানি দোকানে গিয়ে দেখা গেছে, বড় আকারের সিল্কি বা রেশমি কার্পেটের দাম ১৪ হাজার টাকা আর মাঝারি আকারের কার্পেটের দাম সাত হাজার টাকা। তবে শেখ কার্পেটের দাম একটু বেশি। মূলত ঘর সাজানোর জন্যই এ কার্পেট ব্যবহার করা হয়। ইরানি দোকানের এ ধরনের মাঝারি আকারের একটি কার্পেটের দাম ১৪ হাজার টাকা। আর বড় আকারের কার্পেটের দাম ১৮ হাজার টাকা।
তবে তুরস্কের কার্পেটের দাম তুলনামূলক বেশি। ছোট আকারের পশমি কার্পেটের দাম ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকা। আর মাঝারি আকারের কার্পেটের দাম ২০ থেকে ২২ হাজার টাকা। এ বাহারি পশমি কার্পেটের বিক্রি ভালো।
লালমাটিয়া থেকে এ কার্পেট কিনতে এসেছেন গৃহিণী নূরজাহান বেগম। তিনি বলেন, ‘পশমি কার্পেট সচরাচর ঢাকায় পাওয়া যায় না। আর পাওয়া গেলেও দাম বেশ বেশি। তাই বাণিজ্য মেলা থেকে পশমি কার্পেট কিনব বলে অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম।’
মেলায় তুলনামূলক কম দামে ভারতীয় কার্পেট মিলছে। শেখ ও সিল্কি—দুই ধরনের কার্পেটই পাওয়া যাচ্ছে। মাঝারি আকারের শেখ কার্পেটের দাম ১২ হাজার টাকা। ছোট আকারের এ ধরনের কার্পেটের দাম পড়বে চার হাজার টাকা। তবে ভালো মানের বড় আকারের সিল্কি কার্পেটের দাম ২৮ হাজার টাকা পর্যন্ত রয়েছে।
ভারতীয় দোকানের বিক্রয়কর্মী সুরেশ মাইতি বলেন, মেলা শেষের দিকে কার্পেটের বেচাকেনা বেড়েছে।
এদিকে ভারত ও থাইল্যান্ডের স্টলে সবজি কাটা ও সালাদ বানানোর যন্ত্রপাতির জমজমাট বিক্রি চলছে। ক্রেতার মন ভজাতে ‘ভাঙা বাংলা’য় হাঁকডাক দিয়ে এসব যন্ত্রপাতির ব্যবহার দেখিয়ে দিচ্ছেন বিক্রয়কর্মীরা। ক্রেতা-দর্শনার্থীর ভিড় লেগেই আছে এসব স্টলে সামনে। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। এক হাজার টাকায় মিলছে ১০ পিসের এক সেট যন্ত্রপাতি। চাইলে আলাদাভাবেও যন্ত্রপাতি কেনা যাবে।