কানকুনে আসন্ন জলবায়ুবিষয়ক সম্মেলনে বাংলাদেশ সরকারের অবস্থান দেশবাসীর কাছে পরিষ্কার করার দাবি জানিয়েছে দেশের নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন।নাগরিক সমাজের নেতারা কার্বন-বাণিজ্যের বিরোধিতা করে সরকারকে উন্নত দেশগুলোর কাছে প্রথমে প্রশমনের এবং পরবর্তী সময়ে প্রতিবেশগত ক্ষতিপূরণের দাবি তোলারও আহ্বান জানান। অর্থায়ন নিয়ে যে লোভ দেখানো হচ্ছে, তাতে সরকারের দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় বলেও উল্লেখ করেন তাঁরা।গতকাল শনিবার সকালে নাগরিক সমাজ ও অধিকারভিত্তিক সংগঠনের নেটওয়ার্ক ইকুইটিবিডি আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ সেমিনারের মূল সঞ্চালক ছিলেন ইকুইটিবিডির রেজাউল করিম চৌধুর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ আমিনুল হক।সেমিনারে বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ, সিএসআরএলের উপদেষ্টা আহসান উদ্দিন ও সম্পাদক জিয়াউল হক, বাংলাদেশ কৃষক ফেডারেশনের ফারুক আহমেদ ও বদরুল আলম, এনসিসিবির সাউদিয়া আনোয়ার, ডব্লিউবিবি ট্রাস্টের মাহবুবুল আলম প্রমুখ। ইকুইটিবিডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বক্তারা বলেন, সরকারের উচিত দেশের নিজস্ব যে জলবায়ু তহবিল রয়েছে, তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা। বর্তমানে এই জলবায়ু তহবিল আমলাতান্ত্রিক ব্যবস্থাপনায় চলছে, যা উচিত নয়।বক্তারা আরও বলেন, যুক্তরাজ্যসহ অন্যান্য ধনী দেশ আর্থিক সহযোগিতার ছদ্মাবরণে বাংলাদেশকে ভুল পথে পরিচালনার চেষ্টা করছে, যাতে প্রশমনের দাবি থেকে সরকার সরে যায়।সেমিনারে ধনী দেশগুলো কর্তৃক প্রস্তাবিত তথাকথিত কার্বন-বাণিজ্যবিষয়ক ফাঁদে না পড়ার জন্য সরকার ও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলা হয়, এ ব্যবস্থার মাধ্যমে বহুজাতিক কোম্পানির মুনাফা ও উন্নত রাষ্ট্রগুলোর স্বার্থ সংরক্ষণ করা হচ্ছে। তাই কার্বন-বাণিজ্যের নামে বহুজাতিক কোম্পানি দ্বারা প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে।সেমিনারে আরও বলা হয়, এসব সম্মেলনে গিয়ে সরকার দেশের জন্য কী পরিমাণ অর্থ নিয়ে আসবে, সেটা কোনো বিষয় নয়। কেননা, কানকুন ফোরাম এ জন্য নয়।