ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের বাস্তবায়নে দেশজুড়ে কার্যকর ও শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। আজ বুধবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে এ সভার আয়োজন করে। অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ক্যাবের সভাপতি গোলাম রহমান।
বাংলাদেশে এবারের দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে ‘ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি’। এ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার।
সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রসার ঘটাতে হবে। এ সময় তিনি জনগণ, তথা ভোক্তার স্বার্থ রক্ষায় করণীয় নির্ধারণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও প্রস্তাব করেন।
ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণে দেশে বেশ কিছু আইন আছে। সেসব আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নের জন্য দরকার শক্তিশালী সাংগঠনিক কাঠামো ও প্রতিষ্ঠান। সেই কাঠামো ও প্রতিষ্ঠান এখনো পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি। এ সময় তিনি অধিকার প্রতিষ্ঠায় ভোক্তাদের সোচ্চার, প্রতিবাদী ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি মাহবুবুল আলম প্রমুখ। অনুষ্ঠানে ভোক্তা অধিকার বিষয়ের ওপর বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।