কার্যপত্র প্রণয়ন ও সমন্বয় দল গঠন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের অস্বাভাবিক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে পরিদর্শনের লক্ষ্যে গঠিত ‘সার্বক্ষণিক যৌথ পরিদর্শন’ দলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কার্যপত্র প্রণয়ন (রিপোর্ট ফরম্যাট) ও একটি পরিদর্শন দল (কো-অর্ডিনেশন টিম) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি মাসে একবার বৈঠকে বসারও সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে কমিটির আহ্বায়ক এসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, যৌথ পরিদর্শন দলকে সহযোগিতার জন্য একটি সমন্বয় দল গঠন করা হবে। এই দল কমিটির কাজে সহায়তা করবে। এ ছাড়া কমিটির কাজের সুবিধার্থে একটি খসড়া কার্যপত্র তৈরি করা হবে। প্রতি মাসের তৃতীয় সপ্তাহে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।আজকের বৈঠকে দলের আহ্বায়ক সাইফুর রহমান ছাড়াও ডিএসইর প্রধান প্রচলন কর্মকর্তা (সিওও) জহুরুল আলম, প্রধান অর্থ কর্মকর্তা শুভ্রকান্তি চৌধুরী, সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কে এম গাউসুজ্জামান উপস্থিত ছিলেন।শেয়ারবাজারে সাম্প্রতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে অর্থমন্ত্রীর কাছে চূড়ান্ত প্রতিবেদন পেশ করে। ওই প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত-পরবর্তী ধারাবাহিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে এই দল গঠন করা হয়। গত বছরের ১৬ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মূলধন মার্কেট অধিশাখার উপসচিব মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দল গঠন করা হয়। গত ৩ জানুয়ারি এ-সংক্রান্ত বিষয়ে গেজেট প্রকাশ করা হয়।এসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান এই দলের আহ্বায়ক। এ ছাড়া দলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কে এম গাউসুজ্জামান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন।প্রকাশিত গেজেট সূত্রে জানা যায়, সার্বক্ষণিক যৌথ পরিদর্শন দল তাদের পরিদর্শন প্রতিবেদন এসইসির চেয়ারম্যানের কাছে পেশ করবে। দলের নেতৃত্বে ‘ইনস্পেকশন পরিকল্পনা’ প্রণীত হবে (পরিকল্পনার মধ্যে থাকবে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি বা ব্যক্তিবিশেষ, পুঁজিবাজার সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান কর্তৃক কোনোভাবে বাজারকে নিয়ম-বহির্ভূতভাবে প্রভাবিত করার কাজে লিপ্ত কি না); কমিটি পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক ও বাত্সরিক ভিত্তিতে বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করার নিমিত্তে ‘রিপোর্ট ফরম্যাট’ তৈরি করবে এবং ওই প্রতিষ্ঠানের কাছে পরিপালনের জন্য তা প্রদান করবে।এ ছাড়া কোনো বিষয়ে জরুরি তদন্তের প্রয়োজন হলে কমিটি এসইসির চেয়ারম্যানের অনুমোদনক্রমে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে অথবা এসইসি ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে তত্ক্ষণাত্ তদন্ত করবে; যৌথ পরিদর্শন দল প্রতি মাসে একবার তাদের কর্মপরিকল্পনা, অগ্রগতি ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পর্যালোচনা করার জন্য বৈঠক করবে; স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, মার্চেন্ট ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, স্টক ব্রোকার/ডিলার এবং সমস্ত তালিকাভুক্ত কোম্পানির কাছ থেকে শেয়ার লেনদেন-সংক্রান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলি সংগ্রহ করবে।আর যৌথ পরিদর্শন দলের সীমাবদ্ধতা হিসেবে কাজের ব্যাপকতায় তাদের সহায়তা প্রদানকারী কর্মকর্তার প্রয়োজন হতে পারে। এ অবস্থায় এ দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাদের সাহায্যার্থে নিজস্ব প্রতিষ্ঠানের পর্যাপ্ত জনবল ব্যবহার করতে পারবে।