কাল আরএন স্পিনিংয়ের শেয়ার লেনদেন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সোমবার আরএন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেন চলবে। প্রতিষ্ঠানটির পর্ষদ সভার সিদ্ধান্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে অবহিত করার পর বিকেলে ডিএসইর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে আজ সকালে পর্ষদ সভায় গৃহীত সিদ্ধান্ত অবহিত না করার অভিযোগে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়।বিকেলে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, আরএন স্পিনিংয়ের গতকাল অনুষ্ঠিত পর্ষদ সভায় অনুমোদিত মূলধন ৩৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ২৭ মার্চ বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।সকালে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, গতকাল শনিবার আরএন স্পিনিং মিলস লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সভায় গৃহীত সিদ্ধান্ত ডিএসইকে অবহিত না করায় প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়।এ বিষয়ে ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, নিয়ম অনুযায়ী কোনো কোম্পানির পর্ষদ সভা শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যে ওই সভায় গৃহীত সিদ্ধান্ত স্টক এক্সচেঞ্জকে অবহিত করতে হয়। আরএন স্পিনিং মিলস লিমিটেডের পক্ষ থেকে সভার সিদ্ধান্ত অবহিত না করার কারণে আজ সকালেই প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়। পরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পর্ষদ সভার সিদ্ধান্ত জানানোর পর আগামীকাল লেনদেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।