কাল ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
WTO
WTO

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে শুরু হচ্ছে। ৩-৬ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে গতকাল রোববার বালি পৌঁছেছে বাংলাদেশ প্রতিনিধিদল।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ইয়েমেনকে নতুন সদস্যপদ দেওয়া ছাড়া এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হবে না। আবার ২০০৫ সালে অনুষ্ঠিত দোহা আলোচনারও সমাপ্তি হবে না—এমন আশঙ্কা নিয়েই এবারের সম্মেলন শুরু হচ্ছে। সাধারণত দুই বছর পরপর এই সম্মেলন হয়ে থাকে। সেদিক থেকে বিবেচনা করলে এটি নিছক নিয়ম রক্ষারই সম্মেলন।
মন্ত্রী পর্যায়ের সম্মেলন হলেও বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এতে যোগ দিচ্ছেন না। সরকারি সংস্থা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ১৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ।
মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা তিনটায় বালিতে সম্মেলনের উদ্বোধন হবে। তবে আজ সোমবার নেপাল, বুধবার ভারত ও কানাডা এবং বৃহস্পতিবার মরক্কো, নেদারল্যান্ডস ও পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবে বাংলাদেশ।
উন্নত ও উন্নয়নশীল দেশগুলো আট বছর আগের হংকং সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) যে শুল্ক ও কোটামুক্ত বাজার-সুবিধা দেওয়ার কথা ছিল, তা কার্যকর করতে জোরালো বক্তব্য তুলে ধরবে বাংলাদেশ। এরপর ২০১১ সালে সম্মেলনেও এলডিসির জন্য সেবা খাতের বাণিজ্যে বাজার-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেটিও কার্যকর নয়। এগুলোসহ এলডিসির জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার-সুবিধা এবং সেবা খাতের বাণিজ্য-সুবিধা ছাড়াও উৎসবিধি (রুলস অব অরিজিন), তুলা ইস্যু, বাণিজ্য সহজীকরণ চুক্তির বাস্তবায়ন নিয়ে সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরবে বাংলাদেশ।
জানা গেছে, ডব্লিউটিওর সব সদস্যদেশ এবং পর্যবেক্ষক দেশের তিন হাজারের বেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন। এতে সব সদস্যদেশের বাণিজ্যমন্ত্রীরা নিজ নিজ দেশের স্বার্থ-সম্পর্কিত তিন মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এলডিসির অন্যতম দলনেতা হিসেবে অন্য সব এলডিসির দাবির ব্যাপারে সম্মেলনে সোচ্চার থাকবে বাংলাদেশ।
প্রতিনিধিদল: ১৭ সদস্যের প্রতিনিধিদলে অন্যরা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, পরিচালক নেছার আহমেদ, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) পরিচালক মোস্তফা আবিদ খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ইকবাল আহমেদ, জেনেভায় নিযুক্ত রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল হান্নান, ইকোনমিক মিনিস্টার বিজয় ভট্টাচার্য, ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাউনাইন, প্রথম সচিব কাজী এম জাবেদ ইকবাল, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল ও বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি।