কাল থেকে ঢাকায় দক্ষিণ এশীয় অর্থনৈতিক শীর্ষ সম্মেলন
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার উদ্যোগকে সুদৃঢ় করার জন্য স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে মেলবন্ধন তৈরি করতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ দক্ষিণ এশীয় অর্থনৈতিক শীর্ষ সম্মেলন। আগামীকাল শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে সকালে এই সম্মেলন উদ্বোধন করবেন।সম্মেলনের মূল আয়োজক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গতকাল বৃহস্পতিবার ঢাকায় সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘মন্দা-পরবর্তী বিশ্ব অর্থনীতি, নতুন ঝুঁকি এবং টেকসই উন্নয়ন: দক্ষিণ এশীয় অবস্থান পুনর্বিবেচনা।’দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ২০০৮ সালে দক্ষিণ এশীয় অর্থনৈতিক শীর্ষ সম্মেলন (এসএইএস) নামে একটি প্লাটফর্ম গড়ে তোলা হয়। এর আওতায় ইতিমধ্যে ২০০৮ সালে কলম্বো, ২০০৯ সালে দিল্লি ও ২০১০ সালে কাঠমান্ডুতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বলা হয়, একবিংশ শতাব্দী হবে দক্ষিণ এশিয়ার। কিন্তু কীভাবে এই অঞ্চল ওই অবস্থানে পৌঁছাবে, সেটাই এখন সব আলোচনার মূল বিষয় হওয়া উচিত। সম্মেলনেও বিষয়টি গুরুত্ব পাবে।’এবারের সম্মেলনে ১২টি অধিবেশন থাকবে। এর মধ্যে তিনটি প্ল্যানারি এবং নয়টি কর্ম-অধিবেশন। এসব অধিবেশন থেকে ওঠে আসা সুপারিশ সার্ক সচিবালয়ের মাধ্যমে আগামী ৯-১১ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে বিবেচনার জন্য পাঠানো হবে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দক্ষিণ এশিয়ার আটটি সদস্য রাষ্ট্রের ৬২ জন এবং উন্নয়ন-সহযোগী সংস্থাগুলোর ২১ জন প্রতিনিধি ঢাকা সম্মেলনে অংশ নিচ্ছেন। সহ-আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ; ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ; নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনমিকস অ্যান্ড এনভায়রনমেন্ট ও সাউথ এশিয়া সেন্টার ফর পলিসি স্টাডিজ এবং পাকিস্তানের সাসটেইনবল ডেভেলপমেন্ট পলিসি ইনিশিয়েটিভ।