আপাতত বাদ থাকছে রপ্তানিমুখী তৈরি পোশাক পণ্য
কাল থেকে বন্দরে পরীক্ষামূলক স্বয়ংক্রিয় কনটেইনার ব্যবস্থাপনা চালু হচ্ছে
তৈরি পোশাকশিল্পের রপ্তানিমুখী পণ্যবাহী কনটেইনার বাদ রেখে চট্টগ্রাম বন্দরে আগামীকাল সোমবার থেকে পরীক্ষামূলকভাবে কনটেইনার টার্মিনাল ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়-পদ্ধতি চালু হচ্ছে। তবে একই সময়ে তৈরি পোশাকশিল্পের শুধু রপ্তানি পণ্যবাহী কনটেইনার ব্যবস্থাপনার জন্য পুরোনো পদ্ধতি বহাল রাখা হয়েছে।বন্দর সূত্রে জানা গেছে, কাল সোমবার বন্দরের সিসিটি ও এনসিটি টার্মিনালের চারটি জেটিতে স্বয়ংক্রিয়-পদ্ধতি চালু হবে। আর ১২ অক্টোবর বুধবার জিসিবি টার্মিনালের ছয়টি জেটিতে এ পদ্ধতি চালু হবে।অর্থাৎ মোট ১০টি কনটেইনার ওঠানামার জেটিতে স্বয়ংক্রিয় এ পদ্ধতি চালু হচ্ছে। পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করার পর যেসব সমস্যা দেখা দেবে, সেগুলো সমাধান করে এ পদ্ধতির উন্নয়ন করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতি চালু হবে।বন্দরের হিসাব অনুযায়ী, কনটেইনারে পণ্য পরিবহনের অন্তত ৬০ শতাংশই তৈরি পোশাকশিল্পের। তাই পোশাকশিল্পের রপ্তানিমুখী কনটেইনার আপাতত এ পদ্ধতিতে না আসায় রপ্তানিমুখী কনটেইনারের ৪০ শতাংশ স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় থাকছে। তবে আমদানি কনটেইনারের শতভাগই স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় থাকবে বলে বন্দর সূত্র জানায়।জানতে চাইলে এ প্রকল্পের পরিচালক প্রকৌশলী খায়রুল মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘বিজিএমইএর আবেদনের কারণে স্বয়ংক্রিয়-পদ্ধতির পাশাপাশি পুরোনো পদ্ধতিও বহাল রাখা হয়েছে। তবে বিজিএমইএ সক্ষম হলে পর্যায়ক্রমে পুরোনো পদ্ধতি তুলে দেওয়া হবে।’বন্দর সূত্র জানায়, স্বয়ংক্রিয়-পদ্ধতি চালু করতে হলে জাহাজ জেটিতে ভেড়ার ২৪ ঘণ্টা আগে ওই জাহাজে বোঝাই করার জন্য রপ্তানিমুখী পণ্যের কনটেইনার বন্দর ইয়ার্ডে এনে রাখতে হবে। কিন্তু বিজিএমইএ ওই সময়সীমার মধ্যে রপ্তানি কনটেইনার পৌঁছানোর অক্ষমতার কারণে দুই দফা সময় পেছানো হয়।এর পরও নতুন করে সময়সীমা বাড়ানোর আবেদন করলে বিজিএমইএর পণ্যবাহী কনটেইনারের জন্য পুরোনো পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত হয়। নিয়মানুযায়ী এক জাহাজের কনটেইনার অন্য জাহাজে বোঝাই করার সুযোগ না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে গ্যাস-বিদ্যুৎ সংকট, রেল যোগাযোগ ও সড়কপথের দুরবস্থার কারণে নির্দিষ্ট সময়ে জাহাজে পণ্যবোঝাই করা যাচ্ছে না। এসব সমস্যা কিছুটা দূর হলে বিজিএমইএর রপ্তানি পণ্যবাহী কনটেইনারও স্বয়ংক্রিয়-পদ্ধতির আওতায় আনা যাবে। কারণ, এ পদ্ধতিতে আমরাও উপকৃত হব।’বন্দর সূত্রে জানা গেছে, সনাতন পদ্ধতিতে পণ্য খালাসে বন্দরের অংশে ২৪টি সই নিতে হতো। স্বয়ংক্রিয়-পদ্ধতিতে এসব সই নেওয়ার দরকার হবে না, অর্থাৎ পণ্য খালাসের জন্য কারও সঙ্গে সরাসরি যোগাযোগেরও দরকার হচ্ছে না। এ পদ্ধতিতে কনটেইনারের অবস্থান ও কনটেইনার কোন জাহাজে করে আসছে বা রপ্তানি হয়েছে, এসব তথ্য জানা যাবে অনলাইনে। এ ব্যবস্থায় বন্দর জেটির অপারেশনাল কাজে কোন দিন কতজন শ্রমিক এবং কতটা যন্ত্রপাতি কোথায় নিয়োগ হবে, সেটার তথ্য অনলাইনে দেওয়া থাকবে। পাশাপাশি কনটেইনার ও জাহাজভাড়া, শ্রমিক নিয়োগ ইত্যাদি কাজে কত খরচ হচ্ছে, সেটাও স্বয়ংক্রিয়-পদ্ধতিতে হিসাব করে অনলাইনে ব্যাংকে বিল পরিশোধের ব্যবস্থা থাকবে।এ ছাড়া অনলাইনে জাহাজ আসার ঘোষণা এবং জেটি বরাদ্দ দেওয়ার আবেদন করা যাবে। এসব কারণে এ পদ্ধতি চালু হলে বন্দরের সক্ষমতা অনেক বাড়বে।আঙ্কটাড ম্যানুয়াল অনুযায়ী, কোনো বন্দরে কনটেইনার ওঠানামা এক মিলিয়ন একক কনটেইনারের বেশি হলে দক্ষ ও নিরাপদভাবে কনটেইনার ওঠানামার জন্য স্বয়ংক্রিয়-পদ্ধতি চালু করা দরকার। চট্টগ্রাম বন্দরে গত অর্থবছরে কনটেইনার ওঠানামা হয়েছে ১৪ লাখ ৬৮ হাজার একক কনটেইনার।