কাল মতিন স্পিনিংয়ের লেনদেন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে মতিন স্পিনিং মিলস লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের পর আগামীকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে মতিন স্পিনিংয়ের শেয়ার লেনদেন শুরু হবে। এ ক্ষেত্রে ডিএসই লেনদেন কোড ‘মতিন স্পিন’ ও কোম্পানি কোড ‘১৭৪৬০’।

ডিএসই সূত্রে জানা যায়, আইপিওর মাধ্যমে গত ২৬ থেকে ৩০ জানুয়ারি টাকা সংগ্রহ করে মতিন স্পিনিং মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটি তিন কোটি ৪১ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১২৬ কোটি ১৭ লাখ টাকা উত্তোলন করে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম নেওয়া হয় ৩৭ টাকা। গত বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ৩.৯৭ টাকা।