কাল ১৩৮ কোম্পানির লেনদেন বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন কাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী অভিহিত মূল্য পরিবর্তন-সংক্রান্ত অভিন্ন রেকর্ড ডেট থাকায় কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে বলে ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে। ৪ ডিসেম্বর থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন আগের নিয়ম অনুযায়ী চলবে।গত ১৫ সেপ্টেম্বর এসইসি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার নির্দেশ দেয়। এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য এসইসি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়, যা বাস্তবায়ন করার লক্ষ্যে ২৮ নভেম্বর থেকে এ, বি এবং এন ক্যাটাগরির ১২৭টি কোম্পানির লেনদেন স্পট মার্কেটে হয়। এ ছাড়া গত ২০ নভেম্বর থেকে জেড ক্যাটাগরির ১১টি কোম্পানির লেনদেন স্পট মার্কেটে হয়েছে। নিয়ম অনুযায়ী, কোম্পানির শেয়ারের করপোরেট ঘোষণা বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট কোম্পানিকে প্রথমে স্পট মার্কেট বা নগদ টাকার মার্কেটে লেনদেন করতে হয়। আর রেকর্ড ডেটের কারণে স্পট মার্কেটে থাকার পরের দিন লেনদেন বন্ধ থাকে। মূলত সেই কারণেই কাল এসব কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।