কালিয়াচাপড়া চিনিকলে উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলার একমাত্র কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান কালিয়াচাপড়া চিনিকলে দীর্ঘদিন উৎপাদন বন্ধ রয়েছে। ভবিষ্যতে এটি আর চালু না করে চিনিকল প্রাঙ্গণে ট্রাক ও তৈরি পোশাক কারখানা স্থাপনের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে।জানা গেছে, ২০০৪ সালে তৎকালীন চারদলীয় জোট সরকার এই শিল্পপ্রতিষ্ঠানটির সব স্থাবর-অস্থাবর সম্পদ অনেক কম দামে বিক্রি করে দেয়। এটি ক্রয় করে নিটল-নিলয় গ্রুপ। তবে তারা তখন চিনিকলটি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। সে অনুযায়ী নিটল-নিলয় গ্রুপ এটির নাম দেয় কালিয়াচাপড়া নিটল চিনিকল।কিন্তু বাস্তবে ব্যক্তিমালিকানায় চিনিকলটি আর পূর্ণ উৎপাদনে যেতে পারেনি। ২০০৭ সালে উৎপাদন শুরু করলেও মাত্র দুই বছরের লক্ষ্যমাত্রা অর্জনের দায়ভার ও লোকসান দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। দুই উৎপাদন মৌসুমে কারখানাটি ১৬/১৭ কোটি টাকা লোকসান দেয়। তাই চলতি মৌসুমের আগেই মিলের চিনির উৎপাদন বন্ধ হয়ে যায়।আর এই চিনিকলের জমিতে নিটল-নিলয় গ্রুপ ইতিমধ্যে ‘নিটল গার্মেন্টস’ নামে পোশাক কারখানা স্থাপনের লক্ষ্যে একটি ভবন নির্মাণও সম্পন্ন করেছে। এ ছাড়া ৫ ডিসেম্বর চিনিকল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এখানে ভারতীয় টাটা কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে শতভাগ রপ্তানিযোগ্য ট্রাক কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে নিটল-নিলয় গ্রুপ।আন্দোলনরত শ্রমিক ও আখচাষি সংগ্রাম পরিষদ এ প্রসঙ্গে বলেছে, ট্রাক বা পোশাক কারখানা—যেটাই স্থাপন করা হোক না কেন, এখানে চিনিকল চালু করতেই হবে।প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী ও সদর উপজেলা সীমান্তে পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া পুলের ঘাটে ১৯৬৫ সালে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে বছরের পর বছর নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে ক্রমাগত লোকসান গুনতে থাকে মিলটি। ১৯৯১ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে মিলটি লে-অফ ঘোষণা করা হয়।কিন্তু বন্ধ থাকা অবস্থায় কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে কারখানার গাড়ি, মেশিনপত্র ও অন্যান্য যন্ত্রপাতি বিক্রয় করে দেয়। অন্যদিকে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে যান এলাকার হাজার হাজার শ্রমিক ও শ্রমজীবী মানুষ। আখচাষিরাও আখ চাষে তাঁদের উৎসাহ হারিয়ে ফেলেন। যে কারণে কিশোরগঞ্জ ও পার্শ্ববর্তী দুটি জেলার কিছু আখ সেন্টার একশ্রেণীর ভূমিদস্যুদের দখলে চলে যায়, আর কিছু পরিত্যক্ত হয়ে পড়ে।বর্তমানে কালিয়াচাপড়া নিটল চিনিকলে বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা মাত্র ৩০ জন। তাঁদেরই একজন নির্বাহী পরিচালক খালেকুজ্জামান প্রথম আলোকে জানান, চিনি উৎপাদনের পরিবর্তে মিলটিকে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ২০ লাখ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। অন্যদিকে মো. মুুকুল মিয়া নামক একজন প্রকৌশলী জানান, স্থানীয় আখচাষিদের উৎসাহিত করার জন্য মালিক পক্ষ বিনা মূল্যে ইক্ষুবীজ সরবরাহের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রায় ২৫ একর জমিতে বীজ চাষ প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে কারখানাটি পুরোপুরি চালুর দাবিতে সাবেক শ্রমিক-কর্মচারীরা একাধিকবার মালিক পক্ষের সঙ্গে দেনদরবার করেছেন। শ্রমিকনেতা সাইফুল্লাহ জামান বলেন, আমরা শ্রমিক ও ইক্ষুচাষিদের নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। কিন্তু মালিক পক্ষ আমাদের কোনো দাবিই পূরণ করছে না।কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এম এ মান্নান বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি অবিলম্বে এ মিলটির চিনি উৎপাদন শুরু করে কৃষক, শ্রমিক ও দেশের স্বার্থ রক্ষা করা হোক।পাকুন্দিয়া উপজেলার চেয়ারম্যান সোহরাব উদ্দিন এবং কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর চিনিকল চালু করার পক্ষ মত দেন।