কালুরঘাটে পোশাকপল্লি হচ্ছে, আজ চুক্তি
প্রায় ৩৮ বছর আগে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের গোড়াপত্তন হয়েছিল চট্টগ্রামে। এ দীর্ঘ সময়ে এখানে পোশাকপল্লি গড়ে না ওঠায় উদ্যোক্তারা নগরের বিচ্ছিন্নভাবে কারখানা গড়ে তুলেছেন। রানা প্লাজা ধসের পর বিদেশি ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শনের পর ঢাকার মতো চট্টগ্রামের অনেক কারখানা ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়। এ পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও বন্দর কর্তৃপক্ষের কাছে পোশাকপল্লি গড়ে তোলার জন্য জমি চেয়ে আসছিল। দীর্ঘদিন পর তাদের এই দাবি কিছুটা হলেও বাস্তবায়ন হচ্ছে।
নগরের কালুরঘাট শিল্প এলাকার পাশে সিটি করপোরেশনের জায়গায় প্রথমবারের মতো পোশাকপল্লি গড়ে তোলার প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ রোববার নগরের জিইসি কনভেনশন হলে বিজিএমইএ ও সিটি করপোরেশনের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। সবকিছু ঠিক থাকলে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে এখানে কারখানা স্থাপন করা যাবে।
সিটি করপোরেশন ও বিজিএমইএ সূত্র জানায়, কালুরঘাট শিল্প এলাকার পাশে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ দশমিক ৩৬ একর জায়গায় ‘চিটাগাং অ্যাপারেল জোন’ গড়ে তোলা হবে। এই পোশাকপল্লিতে সাততলাবিশিষ্ট ১০টি ভবন গড়ে তুলেবে করপোরেশন। প্রতিটি তলায় মেঝের আয়তন হবে কম-বেশি ২০ হাজার বর্গফুট। এই সাতটি ভবনে মেঝের মোট আয়তন হবে ১৩ লাখ ২০ হাজার বর্গফুট। একই ভবনে একাধিক পোশাক কারখানা হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, সমঝোতা স্মারক সই হওয়ার পর যত দ্রুত সম্ভব কারখানা ভবন নির্মাণের কাজ শুরু হবে। প্রাথমিকভাবে প্রতি বর্গফুট ১০ টাকা হারে ভাড়া আদায়ের পরিকল্পনা আছে। কারখানাগুলোর ভাড়া ও অগ্রিম এককালীন অর্থ থেকে ভবন নির্মাণের খরচ সমন্বয় করা হবে।
বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির প্রথম আলোকে বলেন, সাতটি ভবনে ৩০ থেকে ৩৫টি কারখানা স্থাপন করা যাবে। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শনে চট্টগ্রামের ৪০ শতাংশ কারখানা নন কমপ্লায়েন্ট (কর্মপরিবেশ যথাযথ নয়) বলে উঠে এসেছে। তাই চিটাগাং অ্যাপারেল জোনে এই কারখানাগুলোকেই অগ্রাধিকার দেওয়া হবে। তিনি জানান, পোশাকপল্লির প্রাথমিক অবকাঠামো করে দেবে সিটি করপোরেশন।
এর আগে বন্দর কর্তৃপক্ষ পোশাকপল্লির জন্য ১০০ একর জমি দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজিএমইএকে। এ ছাড়া মিরসরাই অর্থনৈতিক জোনে পোশাকশিল্পের জন্য আলাদা অঞ্চল রাখারও দাবি জানিয়েছিলেন খাতটির উদ্যোক্তারা। তবে এখনো এই দুটি নিশ্চিত হয়নি। শিগগিরই আরও পোশাকপল্লি গড়ে তোলা না হলে চট্টগ্রামের সম্ভাবনা ধরে রাখা যাবে না বলে মনে করেন উদ্যোক্তারা।
বিজিএমইএর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ছোট আকারে হলেও সিটি করপোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে বন্দরকেন্দ্রিক চট্টগ্রাম অঞ্চলের সম্ভাবনা ধরে রাখতে হলে ব্যাপকভিত্তিক রপ্তানিমুখী পোশাকপল্লি গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য হাতে সময় কম। কয়েক বছরের মধ্যে নন-কমপ্লায়েন্ট কারখানাগুলো স্থানান্তর করা না গেলে বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।’