কালোটাকা থাকল বরং কর কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোটাকা সাদা করার সুযোগটি নিয়ে এবারও লুকোচুরি করলেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় এ নিয়ে তিনি কোনো কথা বললেন না। এর মানে সুযোগটি থাকল। কিন্তু অর্থবিল ঘেঁটে দেখা গেল, শুধু সুযোগটি থাকলই না, বরং করের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে।
আগামী অর্থবছরে সিটি করপোরেশন এলাকার বাইরে কালোটাকায় ফ্ল্যাট কিনলে আগের চেয়ে কম কর দিতে হবে। সিটি করপোরেশন এলাকায় করের পরিমাণ আগের মতোই আছে। নির্দিষ্ট পরিমাণ কর দিলে বিনা প্রশ্নে কর কর্মকর্তারা তা মেনে নেবেন।
২০১৩-১৪ অর্থবছরের বাজেটে আয়কর অধ্যাদেশের ১৯ বিবিবিবিবি নামে একটি নতুন ধারা সংযোজন করে ফ্ল্যাট কিনে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। এ সুযোগটির কোনো মেয়াদ নেই। তাই যত দিন এ ধারাটি বাতিল করা না হবে, তত দিন এ সুযোগটি অব্যাহত থাকবে।
অর্থবিল ২০১৫ অনুযায়ী, জেলা সদরে পৌরসভার মধ্যে ২০০ বর্গমিটারের বেশি আয়তনের ফ্ল্যাট কিনলে বর্গমিটারপ্রতি ৮০০ টাকা কর দিতে হবে। আগে এর পরিমাণ ছিল দেড় হাজার টাকা। একই এলাকায় ২০০ বর্গমিটারের কম আয়তনের ফ্ল্যাট কিনলে বর্গমিটারপ্রতি এক হাজার টাকার পরিবর্তে ৬০০ টাকা দিলেই হবে। আর পৌর এলাকার বাইরে ২০০ বর্গমিটারের বেশি আয়তনের ফ্ল্যাট কিনলে বর্গমিটারপ্রতি ৬০০ টাকা দিতে হবে। আগে এ জন্য এক হাজার টাকা দিতে হতো। ২০০ বর্গমিটারের কম আয়তনের ফ্ল্যাট কিনতে বর্গমিটারপ্রতি ৭০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা দিতে হবে এখন।
এ ছাড়া সিটি করপোরেশন এলাকার করের পরিমাণ আগের মতোই আছে। ২০০ বর্গমিটারের বেশি আয়তনের কোনো ফ্ল্যাট কিনতে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মতিঝিলের মতো অভিজাত এলাকায় প্রতি বর্গমিটারে সাত হাজার টাকা কর দিতে হবে। এসব এলাকায় ২০০ বর্গমিটারের কম আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে করের পরিমাণ প্রতি বর্গমিটারে পাঁচ হাজার টাকা।
ফ্ল্যাট কিনতে না চাইলেও কালোটাকা সাদা করা যাবে। এ জন্য প্রদত্ত করের সঙ্গে ১০ শতাংশ জরিমানা গুনতে হবে। ২০১২-১৩ অর্থবছরের বাজেটে আয়কর অধ্যাদেশে ১৯ই নামে একটি ধারা সংযোজন করে অপ্রদর্শিত আয় বৈধ করার স্থায়ী সুযোগ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী কর বিভাগ কোনো প্রশ্ন করবে না।