কালোটাকা সাদা করার সুযোগ দাবি ব্যবসায়ীদের
বাজেটের মাধ্যমে কালোটাকা সাদা করার সুযোগ চাইলেন ব্যবসায়ীরা৷ অবকাঠামো, কারিগরি শিক্ষা সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, প্রযুক্তিগত উন্নয়নসহ বিভিন্ন উৎপাদনশীল প্রকল্পে বিনিয়োগের জন্য মূলধন সরবরাহে কালোটাকা ব্যবহারের সুপারিশ করা হয়েছে৷
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বাজেট-সংক্রান্ত পরামর্শক সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ তাঁর বক্তব্যে এই সুপারিশ করেন৷ তবে কালোটাকা সাদা করার সুযোগের কথা সরাসরি না বললেও পরোক্ষভাবে এ সুযোগ দেওয়ার দাবি জানান এফবিসিসিআইয়ের সভাপতি৷ রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়৷
করবহির্ভূত অর্থ জাতীয় স্বার্থে নিয়ন্ত্রণ করা আবশ্যক বলে মনে করেন কাজী আকরাম উদ্দিন আহ্মদ৷ এ জন্য এফবিসিসিআইয়ের পক্ষ থেকে চারটি সুপারিশ করেন তিনি৷ এগুলো হলো: হিসাববহির্ভূত অর্থ বা তথাকথিত কালোটাকার উৎস চিহ্নিত করা; চিহ্নিত উৎসগুলোতে প্রখর নজরদারি, আর্থিক জবাবদিহি ও ব্যবস্থাপনার মান উন্নত করা; অবকাঠামো, কারিগরি শিক্ষা সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, প্রযুক্তিগত উন্নয়নে নেওয়া উৎপাদনশীল প্রকল্পে কালোটাকা সাদা করার সুযোগ এবং ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি ও আর্থিক নীতিমালার মাধ্যমে জাতীয় সম্পদ সংরক্ষণ ও মুদ্রা পাচার রোধ৷
এফবিসিসিআইয়ের সভাপতির বক্তব্যের পর একই অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী বাজেটে কালোটাকা সাদা করার কেনো সুযোগ থাকবে না৷’ তবে তিনি বিস্তারিত কিছু বলেননি৷
আবাসন খাতের সংগঠন রিহ্যাবের সভাপতি মোকাররম হোসেন খান বলেন, আবাসন খাতকে টিকিয়ে রাখতে অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দিতে হবে৷
তবে এফবিসিসিআই ও রিহ্যাব সভাপতিদ্বয়ের সঙ্গে দ্বিমত পোষণ করে ঢাকা চেম্বারের সভাপতি শাহজাহান খান বলেন, ‘কালোটাকার বিষয়ে অর্থমন্ত্রী যে অবস্থান ব্যক্ত করেছেন, আশা করি উনি তাতে দৃঢ় থাকবেন৷’
উল্লেখ্য, চলতি অর্থবছরে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বর্গমিটারপ্রতি নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে বিনা প্রশ্নে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে৷
এ ছাড়া দুই বছর আগে বিদ্যমান আয়কর অধ্যাদেশে ১৯ই ধারা সংযোজন করে স্থায়ীভাবে অপ্রদর্শিত আয় বা কর অনারোপিত আয় স্বেচ্ছায় ঘোষণা দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে৷
তবে সেই অর্থ বৈধ উপায়ে আয় হতে হবে৷ কোনো কারণে কোনো করদাতা যদি অতীতে তাঁর আয় কম প্রদর্শন করে থাকেন বা কোনো কারণে প্রাপ্ত অর্থসম্পদ বিবরণী প্রদর্শন না করতে পারেন, সে ক্ষেত্রে তিনি তাঁর সেই আয় বিদ্যমান আইন অনুযায়ী স্বেচ্ছামূলকভাবে প্রদর্শন করতে পারেন৷ এ জন্য শুধু প্রদেয় করের ১০ শতাংশ অতিরিক্ত জরিমানা দিতে হয়৷ এতে কর বিভাগ কোনো প্রশ্ন করবে না৷