কালোটাকার চিরস্থায়ী বন্দোবস্ত!

নতুন বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ থাকবে কি না—সেই বিতর্ক এবার আর নেই। কারণ, আয়কর আইনে কালোটাকা সাদা করার চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করে দিয়েছে সরকার। তারপরও টাকা সাদা করতে আগ্রহীর সংখ্যা কম।
প্রতিবছরই বাজেট ঘোষণার সময় ঘনিয়ে এলেই ব্যবসায়ীদের মহল থেকে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার দাবি তোলা হয়। অর্থনীতিকে আরও চাঙা করতে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগের দোহাই দিয়ে এ দাবি করেন তাঁরা। বাড়তি বিনিয়োগ ও রাজস্ব আয়ের ‘বোনাস’ পাওয়ার আশায় বছর বছর এ সুযোগ দিয়ে আসছেন অর্থমন্ত্রী। কিন্তু কালোটাকা সাদা করার সুযোগটি পাওয়ার পর ব্যবসায়ীদের সব আগ্রহ যেন হারিয়ে যায়।
২০১২-১৩ অর্থবছরে আয়কর অধ্যাদেশে ১৯ই নামে নতুন একটি ধারা সংযোজন করা হয়। এই আইন অনুযায়ী, প্রদত্ত করের সঙ্গে ১০ শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়। এ ধারাটি এখন আয়কর অধ্যাদেশের একটি অংশ। অর্থাৎ এটি একটি চিরস্থায়ী বন্দোবস্ত।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসাবে দেখা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে মাত্র ২০৫ জন করদাতা এ সুযোগ নিয়ে তাঁদের অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। এতে এনবিআর কর পায় মাত্র ১৮ কোটি টাকা। চলতি অর্থবছরের হিসাব এখনো চূড়ান্ত হয়নি। এর পাশাপাশি ফ্ল্যাট কিনেও কালোটাকা সাদা করার সুযোগ রয়েছে। এতে কোনো জরিমানাও দিতে হয় না। আয়তন (বর্গমিটার) অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ কর দিলেই হবে। গত অর্থবছরে ২ হাজার ৫৫০ জন ব্যক্তি ফ্ল্যাট কেনায় কালোটাকা ব্যবহার করেছেন। এ সুযোগটির কোনো মেয়াদ নেই।
তাই আসন্ন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী একটি শব্দ উচ্চারণ না করেই কালোটাকা সাদা করার এ সুযোগ দুটি রেখে দিতে পারেন। গতবারও এভাবেই রেখেছিলেন। তবে বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘এ মুহূর্ত থেকে কালোটাকার সুযোগটি বাতিল করা হলো।’ শেষ পর্যন্ত তিনি কথা রাখেননি। সুযোগটি থেকেই গেল।
কালোটাকা সাদা করার এই সুযোগ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করেন, এতে যাঁরা বৈধ উপায়ে টাকা আয় করেন, তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। বর্তমানে আবাসন খাতে এ সুযোগ দেওয়ার ফলে কালোটাকার মালিকেরা সহজেই ফ্ল্যাট কিনে ফেলবেন। এ খাতটি কালোটাকার মালিকদের দখলে চলে যাবে। যাঁরা বৈধ উপায়ে আয় করেন, তাঁরা ফ্ল্যাট কেনার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
ইফতেখারুজ্জামানের মতে, কালোটাকার সুযোগ দেওয়া সংবিধান পরিপন্থী। সংবিধানের ২০(২) ধারা অনুযায়ী, রাষ্ট্র এমন অবস্থার সৃষ্টি করবে যেখানে অনুপার্জিত আয় অবৈধ হয়।
বাংলাদেশে কালোটাকার সঠিক কোনো হিসাব নেই। সাধারণত ব্যক্তির আয় ও সম্পদের পরিমাণ তাঁদের কর নথিতে উল্লেখ থাকে। কিন্তু কালোটাকা বা কালোটাকায় কেনা সম্পদের কথা কর নথিতে দেখান না। ফলে এর সঠিক হিসাব করা যায় না। তবে ২০১১ সালে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ছায়া অর্থনীতি নিয়ে এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৪ শতাংশের সমপরিমাণ কালোটাকা রয়েছে।
চার দশকে ১৩ হাজার কোটি টাকা সাদা: ২০১০ সালের শেষের দিকে শেয়ারবাজারে ধস নামে। তাই শেয়ারবাজার চাঙা করতে ২০১১-১২ অর্থবছরে ১০ শতাংশ কর দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। কিন্তু সে বছর শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগ করেন মাত্র ৯০ জন। পরের অর্থবছরেও অব্যাহত রাখা হয়, কিন্তু সাড়া পাওয়া যায়নি। বর্তমান সরকারের গত মেয়াদে বেশ কিছু শিল্প খাতে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট শিল্প খাতে কালোটাকা বিনিয়োগের একটি প্রস্তাব পায়নি এনবিআর।
বিনিয়োগ চাঙা করার উদ্দেশ্যে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও খুব বেশি কাজে আসে না। বিগত চার দশকে প্রায় ১৩ হাজার কোটি কালোটাকা সাদা হয়েছে। এর মধ্যে প্রায় চার হাজার কোটি টাকা বা এক-তৃতীয়াংশের মতো সাদা হয়েছে ২০০৭ ও ২০০৮ সালে ক্ষমতাসীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে।
১৯৭৫ সালে সামরিক সরকারের আমলে বাংলাদেশে প্রথম কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। এরপর জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের আমলেও এ সুযোগ দেওয়া হয়। তবে ১৯৯১ থেকে ১৯৯৬ সালে বিএনপির মেয়াদে এ ধরনের কোনো সুযোগ দেওয়া হয়নি। এরপর আওয়ামী লীগ (১৯৯৬-২০০১) ও বিএনপির (২০০১-২০০৬) আমলেও এ সুযোগ অব্যাহত রাখা হয়।