কালোটাকার সুযোগ চায় রিহ্যাব
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে আবাসন খাতে অচলাবস্থা চলছে। এটি কাটিয়ে ওঠতে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগ চায় দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সংগঠনটির দাবি, আগামী ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময়ে এ নিয়ে কোনো প্রশ্ন করা হবে না। গত বছরও একই করেছিল রিহ্যাব
আগামী ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেটে এই সুবিধা চেয়ে গত মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে আবেদন করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ফ্ল্যাট ও প্লটের নিবন্ধনের কর ও ফি এবং উদ্যোক্তাদের আয়কর কমানো, ক্রেতাদের জন্য বিশেষ তহবিল গঠন, অগ্নিনির্বাপক যন্ত্রপাতি বিনা শুল্কে আমদানিসহ বিভিন্ন দাবি জানানো হয়। গত সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বাজেট আলোচনায় রিহ্যাব এই দাবিগুলো পুনরায় উত্থাপন করেছে।
কালোটাকা বিনিয়োগের বিষয়ে রিহ্যাবের যুক্তি-এটি করা না হলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ার আশঙ্কা আছে। বর্তমানে বিভিন্ন দেশে ‘সেকেন্ড হোম’ গ্রহণের সুযোগ থাকায় দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। তবে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিলে ভবিষ্যতে সেসব বিনিয়োগকারী কর-জালের আওতায় আসবে। এতে সরকারের রাজস্ব আয় বাড়ার সম্ভাবনা থাকবে।
অবশ্য অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের যে সুযোগ রিহ্যাব চাচ্ছে, তার একাংশ বর্তমানে বলবৎ আছে। কালোটাকা দিয়ে ফ্ল্যাট কেনার সুযোগ দিয়ে ২০১৩-১৪ অর্থবছরে বাজেটে অর্থ আইন, ২০১৩-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এ ১৯ বিবিবিবিবি নামের একটি নতুন ধারা সংযোজন করা হয়। এতে বলা হয়, এলাকা ও ফ্ল্যাটের আকারভেদে নির্ধারিত কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করা যাবে। তবে এ ক্ষেত্রে অবৈধ ও অপরাধ সংগঠন করে অর্জিত কোনো অর্থ বিনিয়োগ করা যাবে না। অর্থাৎ বিনিয়োগকারীকে অর্থের উৎস উল্লেখ করতে হবে। আর এখানেই আপত্তি রিহ্যাবের। সংগঠনটি বলছে, যাঁরা ফ্ল্যাট কিনবেন, তাঁদের আয়ের উৎস না খোঁজার বিষয়টি উল্লেখ করে আয়কর অধ্যাদেশের ১৯ (বিবিবিবিবি) ধারা পুনঃপ্রবর্তন করতে হবে। ২০১১ সালে এ বিষয়টি বাদ দেওয়া হয়।
এদিকে কালোটাকা সাদা করার সুযোগ থাকলেও এ থেকে কখনোই ভালো ফল পাওয়া যায় না। একমাত্র ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় উল্লেখযোগ্য পরিমাণে কালোটাকা সাদা হয়। স্বাধীনতার পর থেকে গত বছর পর্যন্ত ১৩ হাজার ৫১৬ কোটি টাকা সাদা হয়। এর মধ্যে ২০০৭-০৮ সালেই সাদা হয় ৯ হাজার ৬৮২ কোটি টাকা। গত বছর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘কালোটাকা কেউ সাদা করে না। গতবার তিনটি উৎস রেখেছিলাম। কর পাওয়া গেছে মাত্র ৩৪ কোটি টাকা।’ অন্যদিকে আবাসন খাতে এখন পর্যন্ত কালোটাকার ঠিক কত বিনিয়োগ হয়েছে, তার কোনো সুস্পষ্ট তথ্য-উপাত্ত রিহ্যাবের কাছে নেই।
এই প্রেক্ষাপটে বারবার কালোটাকার বিনিয়োগ চাওয়ার যৌক্তিকতা কী, জানতে চাইলে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন প্রথম আলোকে বলেন, ‘সুবিধাটি পুরোপুরি না দেওয়ার কারণে কিন্তু ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন না। তবে এই টাকা অর্থনীতিকে গতি সঞ্চার করতে পারে। সরকারকে সেই সুযোগটি করে দেওয়া উচিত। এই টাকা দিয়েই কানাডা, দুবাই, অস্ট্রেলিয়া বড় লোক হচ্ছে। আমরা কেন হব না?’
এদিকে রিহ্যাব বলছে, বর্তমানে নিবন্ধনসংক্রান্ত ব্যয় অনেক হওয়ায় ক্রেতারা আগ্রহ হারিয়ে ফেলছেন। সরকারও খাতটি থেকে রাজস্ব হারাচ্ছে। এ কারণে নিবন্ধন ব্যয় কমানোর দাবি জানিয়েছে সংগঠনটি। এখন ফ্ল্যাট কিনলে ১৪ শতাংশ কর ও ফি দিতে হয়। এর মধ্যে ৪ শতাংশ করে গেইন ট্যাক্স, স্ট্যাম্প ফি ৩ শতাংশ, নিবন্ধন ফি ২ শতাংশ, স্থানীয় সরকার কর ২ শতাংশ ও ৩ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) দিতে হয়। সংগঠনটির প্রস্তাব, সব মিলিয়ে নিবন্ধন কর ও ফি ৭ শতাংশ করা হোক। এর মধ্যে ২ শতাংশ গেইন ট্যাক্স; স্ট্যাম্প ডিউটি ও মূসক দেড় শতাংশ, নিবন্ধন ফি ও স্থানীয় সরকার কর ১ শতাংশ।
জমি ও নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে আবাসন ব্যবসায়ীদের মুনাফা কমেছে। এ জন্য আগামী অর্থবছরের বাজেটে আয়কর যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার দাবি করছে রিহ্যাব। বর্তমানে গুলশান, বনানী, বারিধারা ও মতিঝিল এলাকার আবাসিক ও অনাবাসিকের জন্য প্রতি বর্গমিটারে ১ হাজার ৬০০ ও ৬ হাজার ৫০০ টাকা আয়কর দিতে হয়। সংগঠনটি এটি কমিয়ে যথাক্রমে ১ হাজার ৩০০ এবং ৪ হাজার টাকা নির্ধারণের দাবি করছে। এ ছাড়া ধানমন্ডি, লালমাটিয়া, উত্তরা ডিওএইচএস, কারওয়ান বাজার, খুলশী, আগ্রাবাদ ও নাসিরাবাদের আবাসিক ও অনাবাসিকের জন্য প্রতি বর্গমিটারে আয়কর যথাক্রমে ২৫০ ও আড়াই হাজার টাকা কমিয়ে যথাক্রমে ১ হাজার ২৫০ ও ৫ হাজার টাকা করার কথা বলেছে তারা। আর এসবের বাইরে অন্য এলাকার আবাসিক ও অনাবাসিকের জন্য প্রতি বর্গমিটারে ৩০০ ও ৮০০ টাকা আয়কর নির্ধারণের কথা বলছে রিহ্যাব।
বর্তমানে শুধু জেলা শহরে নগরায়ণের জন্য ট্যাক্স হলিডে ব্যবস্থা প্রযোজ্য। কিন্তু জেলা শহরগুলোতে ফ্ল্যাটের চাহিদা সৃষ্টি না হওয়ায় এই উদ্যোগ কার্যকর হচ্ছে না। সে কারণে বিভিন্ন মেট্রোপলিটন এলাকা, ক্যান্টনমেন্ট এলাকা, পৌরসভার বাইরের এলাকায় নগরায়ণকে উৎসাহিত করতে ট্যাক্স হলিডে ব্যবস্থা প্রবর্তন করার পক্ষে রিহ্যাব।
বাজেটে রিহ্যাবের ১২ দাবির মধ্যে কর, মূসক ও শুল্ক হ্রাসসংক্রান্ত। এই দাবি মানলে সরকারের রাজস্ব কমে যাবে। সেটি কতটুকু গ্রহণযোগ এবং এর যৌক্তিকতাই বা কতটুকু—এ বিষয়ে জানতে চাইলে আলমগীর শামসুল আলামিন বলেন, ‘আমরা কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে এই দাবিগুলো জানিয়েছি। কারণ যে ধাক্কা খেয়েছি, তার জন্য আমরা দায়ী নই। তাই সরকার এই ধাক্কার কিছুটা হলেও সইতে হবে। এটি অস্বাভাবিক পরিস্থিতি। এ জন্য ব্যবস্থা নিতে হবে।’