আগামী ৪ জুন সংসদে ২০১৫–১৬ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। অন্যান্য বছরের মতো এবারও বাজেট সামনে রেখে বিভিন্ন ব্যবসায়ী খাত ও সংগঠন তাদের দাবিদাওয়া ও প্রস্তাব সরকারের কাছে জমা দিয়েছে। দুটি বড় ব্যবসায়ী চেম্বারের প্রস্তাবের নানা দিক তুলে ধরেছেন আবুল হাসনাত: বিসিআইয়ের বাজেট প্রস্তাব
কালোটাকার সুযোগ যুক্তিসংগত নয়

বাজেটে কালোটাকা সাদা করার যে সুযোগ দেওয়া হচ্ছে, তা মোটেও যুক্তিসংগত নয় বলে মনে করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।
শিল্পপতিদের এ সংগঠনটি মনে করে, কালোটাকা উপার্জন এবং এর ব্যবহার—দুটিই অন্যায় ও অবৈধ। এতে বৈধ করদাতারা নিরুৎসাহিত হন। তবে কালোটাকা সাদা করার সুযোগ যদি দিতে হয়, সেটা শুধুই শিল্প-কারখানা প্রতিষ্ঠায় দেওয়া উচিত, প্লট-জমি-ফ্ল্যাট ক্রয় কিংবা শেয়ারবাজারে বিনিয়োগে নয়।
আসন্ন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বিসিআই যে প্রস্তাব জমা দিয়েছে, তাতে এমন মতই দেওয়া হয়েছে। ৭ এপ্রিল এ প্রস্তাব নিয়ে বিসিআইয়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন এনবিআরের চেয়ারম্যান ও সদস্যরা।
ওই বৈঠক শেষে জানতে চাইলে বিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ‘আমরা কালোটাকা সাদা করার সুযোগ রাখারই পক্ষে নই। কিন্তু সরকার যদি এ সুযোগ দেয়, তাহলে যেন অবশ্যই তা উৎপাদনশীল খাতে দেয়। এটি হলে দেশে শিল্পায়ন হবে, আরও বেশি মানুষের কর্মসংস্থান হবে।’
আয়করসংক্রান্ত প্রস্তাব: আগামী বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা দেখতে চান বিসিআইয়ের নেতারা। বর্তমানে এই সীমা ২ লাখ ২০ হাজার টাকা। তাদের মতে, বর্তমান করমুক্ত আয়সীমা জীবনযাত্রার ব্যয় ও আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সংগঠনটি করপোরেট করহার কমিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২০ শতাংশ (বর্তমানে ২৭ দশমিক ৫ শতাংশ), তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির জন্য ৩০ শতাংশ (৩৭ দশমিক ৫ শতাংশ) করার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া বিসিআই পাঁচ কোটি টাকা পর্যন্ত নিট সম্পত্তির মালিকদের জন্য সারচার্জ আরোপ চায় না।
বিসিআই কর-জিডিপির হার বৃদ্ধি ও বেশি পরিমাণে আয়কর আদায়ের লক্ষ্যে সক্ষম ব্যক্তি–প্রতিষ্ঠানকে আয়করের আওতায় আনা এবং সব উপজেলায় কর কার্যালয় স্থাপনের প্রস্তাবও দিয়েছে।
শিল্পায়নের স্বার্থে শিল্পের মৌলিক কাঁচামাল আমদানির ওপর আরোপিত অগ্রিম আয়কর প্রত্যাহারের প্রস্তাব করেছে সংগঠনটি। পাশাপাশি বিসিআই বকেয়া কর আদায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা (এডিআর) কার্যকর করার প্রস্তাব করেছে।
শুল্কসংক্রান্ত প্রস্তাব: বিসিআই বর্তমান শুল্কস্তর পরিবর্তনের প্রস্তাব করেছে। তাদের প্রস্তাব, রপ্তানিমুখীসহ সব শিল্পের কাঁচামাল আমদানিতে শূন্য; উৎপাদনের অপরিহার্য উপকরণ (যা দেশে উৎপাদিত হয় না) আমদানিতে ২ শতাংশ; দেশে উৎপাদিত হয়—এমন মধ্যবর্তী কাঁচামাল ও অতিপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে ১০ শতাংশ; সম্পূর্ণ তৈরি ও বিলাসী পণ্যে ২৫ শতাংশ (সঙ্গে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ) শুল্ক নির্ধারণ করা।
এনবিআরের সঙ্গে বৈঠকে বিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি বলেন, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এবং মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি দেশীয় শিল্প বিকাশের ক্ষেত্রে এখন বড় বাধা। এ জন্য সব কাস্টম হাউস ও শুল্ক কার্যালয়ে তদারকি জোরদার করতে হবে।
এর পরিপ্রেক্ষিতে এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন বলেন, ‘আন্ডার ইনভয়েসিং কিংবা মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি হলে তা আমাদের জানান। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
মূসকসংক্রান্ত প্রস্তাব: বিসিআই মনে করে, মূল্য সংযোজন করের (মূসক) হার কমানো হলে তা আদায়ের পরিমাণ বাড়বে। সে জন্য তাদের প্রস্তাব, মূসকের হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা।
বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) ২৪ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন (টার্নওভার) মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। এই সীমা ৪৮ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করেছে বিসিআই।
আবার এখন ২৪ লাখ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ৩ শতাংশ হারে মূসক দিতে হয়। এসএমই খাতকে উৎসাহিত করতে বিসিআই ৮০ লাখ টাকার সীমা দেড় কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে।
এ ছাড়া জ্বালানি, বিদ্যুৎ, ব্যাংকিং, পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে (যেগুলো অনেকগুলো খাতকে প্রভাবিত করে) মূসকের আওতার বাইরে রাখা এবং স্থানীয় শিল্পকে প্রতিযোগী সক্ষম করতে উৎপাদনশীল খাতের সব পর্যায়ে মূসক প্রত্যাহার চায় বাংলাদেশ চেম্বার।