বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৪ শতাংশ ‘ছায়া অর্থনীতি’ বা অনানুষ্ঠানিক অর্থনীতি। মোটা দাগে যাকে বলা যেতে পারে, দেশে কালো টাকার পরিমাণ জিডিপির ২৪ শতাংশ। দুই ধরনের গবেষণা পদ্ধতি ব্যবহার করে এই তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বাংলাদেশের ছায়া অর্থনীতির বা কালো টাকার পরিমাণ নির্ধারণ করতে ‘কারেন্সি ডিমান্ড অ্যাপ্রোচ’এবং ‘ডায়নামিক মাল্টি ইনডিকেটর্স মাল্টিপল কেসেস (মিমিক) অ্যাপ্রোচ’-দুই ধরনের গবেষণা পদ্ধতি অনুসরণ করা হয়েছে। প্রথম পদ্ধতি অনুযায়ী ছায়া অর্থনীতির আকার জিডিপির ১০ দশমিক ১ শতাংশ। এ ক্ষেত্রে কর ফাঁকির বিষয়টিই বিবেচনায় আনা হয়েছে। আর মিমিক পদ্ধতি অনুসারে এটি ৩৮ শতাংশ। এই দুটি ফলের গড় করে ১৯৯৬-২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপির ২৪ শতাংশই ‘ছায়া অর্থনীতি’ বলে গবেষক কবির হাসান দাবি করেছেন। তবে এই গবেষণা তথ্য-পরিসংখ্যাগতভাবে সঠিক না-ও হতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘শ্যাডো ইকোনমি অব বাংলাদেশ: সাইজ এস্টিমেশন অ্যান্ড পলিসি ইমপ্লিকেশন’ শীর্ষক আলোচনা সভায় টিআইবি ফেলোশিপে প্রণীত গবেষণার ফলাফল তুলে ধরে এসব তথ্য দেওয়া হয়েছে। তবে এই অনুষ্ঠানে বাংলাদেশের দুর্নীতির অবস্থা নিয়ে টিআইবি অতিরিক্ত বা বাড়িয়ে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন কেউ কেউ। তারা কালো টাকার এই হিসাবের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।গবেষণার ফল: গবেষণাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবির হাসান। ছায়া অর্থনীতি বলতে তিনি বুঝিয়েছেন, যে পরিমাণ টাকা দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে কিংবা কর ফাঁকি দেওয়া হয়েছে। গবেষণায় ১৯৭৫ সাল থেকে ২০০৮ পর্যন্ত তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি গবেষক ছায়া অর্থনীতির ব্যাপ্তি নিরূপণ করতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় দ্বৈবচয়ন পদ্ধতিতে আলাদা একটি জরিপও পরিচালনা করেন। জরিপে বিভিন্ন পেশার ২০২ জন অংশ নেন। এই জরিপে ৭৪ দশমিক ৮০ শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন, কালো টাকা অর্থনীতির জন্য ক্ষতিকর। ৮২ দশমিক ৭০ শতাংশ উত্তরদাতা বলেছেন, কালো টাকা সমাজে বৈষম্য বাড়াচ্ছে। ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, করফাঁকি দিতে কালো টাকার মালিকেরা করজালের আওতার বাইরে থাকা আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের নামে বন্ড ও শেয়ার কেনেন। গবেষণায় বলা হয়, ছায়া অর্থনীতি তথা কালো টাকার সঙ্গে দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত। গবেষণায় অর্থনীতিতে কালো টাকার পরিমাণ কমাতে করভার হ্রাস করা, আর্থিক ও ব্যবসার ক্ষেত্রে নিয়ন্ত্রণ হ্রাস করা, আর্থিক খাতে স্বচ্ছতার পরিবেশ সৃষ্টি করা, কর আইন সহজতর করা, কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়া, কালো টাকার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সরকারের প্রত্যেক নীতিনির্ধারককে নিয়মিত বিরতিতে আর্থিক ও সম্পদ বিবরণী জমা দেওয়ার বিধান চালু করার সুপারিশ করা হয়েছে। আলোচনা: অনুষ্ঠানে বক্তব্য দেন টিআইবির চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) নির্বাহী পরিচালক এ কে এনামুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, দুর্নীতির ধারণা সূচক ব্যবহার করে বাংলাদেশকে শ্রেণীকরণ করা উচিত নয়। এতে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা যায়। ১৬ কোটি লোকের বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে হেয় করার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সমালোচনা করেন তিনি। সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, ‘দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, ভারত ও চীনের মতো দেশেও রয়েছে। ওই সব দেশে বাংলাদেশের চেয়ে অনেক বড় মাপের দুর্নীতি হয়। বাংলাদেশে দুর্নীতির বিষয়টি বেশি প্রচারিত হয়। আমরা নিজেরাই এভাবে বিদেশিদের কাছে নিজেদের এত ছোট করে থাকি।’ টিআইবির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধারণা থেকে দুর্নীতির উপসংহার টানা ঠিক নয়। দেশকে এত গালি দেবেন না। বরং গালাগাল কম দিয়ে আমরা দুর্নীতি কমাব।’ তবে এম হাফিজউদ্দিন খান বলেন, গবেষণার তথ্য নিয়ে মতবিরোধ থাকতে পারে। কিন্তু বাংলাদেশে যে কালো টাকা আছে, সেটা জানার জন্য গবেষণার প্রয়োজন হয় না। তিনি আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কথা বললে দেশের ইমেজের ক্ষতি হয়, তা আমি বিশ্বাস করি না। এটা বলতেই হবে। দুর্নীতির বিরুদ্ধে টিআইবি সামাজিক আন্দোলন চালিয়ে যাবে।’ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে দুর্নীতির শেকড় বেশ গভীরে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বড় মাপের ব্যবসায়ীরা দুর্নীতিতে জড়িত। ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির প্রকৃত চিত্র তুলে ধরা সংবিধান থেকে প্রাপ্ত অধিকার। গত ৪০ বছরে অনেক অগ্রগতি হয়েছে কিন্তু আরও অগ্রগতি হতে পারত। এ জন্য দরকার দক্ষ রাজনৈতিক নেতৃত্ব।