কালো টাকা পাচার হচ্ছে এইচএসবিসির মাধ্যমে
ইউরোপের বৃহত্তম ব্যাংক হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র সিনেটের একটি তদন্ত দল। ব্যাংক ও আর্থিক অনিয়মের তদন্ত করতে গিয়ে যুক্তরাষ্ট্র সিনেটের সেই তদন্ত দলটির হাতে এইচএসবিসির মাধ্যমে পাচার হওয়া বিভিন্ন তহবিলের তথ্য এসেছে। জানা গেছে, ব্যাংকটির ঢিলে-ঢালা ব্যবস্থাপনার সুযোগে এরই মধ্যে মেক্সিকোর মাদকদ্রব্যের ব্যবসায়ীদের অর্থ পাচার হয়ে গেছে। এ ছাড়া সিরিয়া, দ্য ক্যামেন আইল্যান্ড, ইরান ও সৌদি আরব থেকেও প্রচুর কালো টাকা এই ব্যাংকের মাধ্যমে পাচার হয়ে গেছে।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, মার্কিন সিনেটের স্থায়ী সাব-কমিটি (সিনেট পারমানেন্ট সাব-কমিটি অন ইনভেস্টিগেশন) এইচএসবিসি ব্যাংক নিয়ে ওই প্রতিবেদন প্রকাশ করে। এই সাব-কমিটি বিভিন্ন আর্থিক অনিয়মের তদন্ত করে থাকে। বছরব্যাপী চলা ওই তদন্তে ১৪ লাখ দলিল পর্যালোচনার পাশাপাশি এইচএসবিসির ৭৫ জন কর্মকর্তা ও ব্যাংক নিয়ন্ত্রকের সাক্ষাত্কার নেওয়া হয়। আজ মঙ্গলবার প্রতিবেদনটি নিয়ে সিনেটের শুনানিতে এইচএসবিসির নির্বাহীদের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এতে অন্যান্যের সঙ্গে থাকবেন এইচএসবিসি ব্যাংকের প্রধান আইন কর্মকর্তা স্টুয়ার্ট লিভে।ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন ব্যাংক নিয়ন্ত্রক, কম্পট্রোলার অব দ্য কারেন্সির (মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রক) দপ্তর এইচএসবিসি ব্যাংকের কার্যক্রমে যথাযথ নজর রাখতে ব্যর্থ হয়েছে। এভাবে অর্থপাচারের ফলে ব্যাংকটি প্রায় অরক্ষিত হয়ে পড়েছে। মার্কিন সিনেটে আজকের শুনানিকে সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এমনিতে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং কঠিন সময় পার করছে। তার ওপর এ ধরনের প্রতিবেদনের মাধ্যমে ব্যাংকগুলোর মান ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন দেখা দিল। ব্যাংকটির প্রধান নির্বাহী স্টুয়ার্ট গালিভার বলেন, ‘এটা ঠিক যে আমরা এ জন্য দায়ী আর তাই কোথায় ভুল হয়েছে, তা বের করার দায়-দায়িত্বও নেব আমরা।’পৃথক এক বিবৃতিতে এইচএসবিসি এই ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেছে, কোথায়, কী ভুল হয়েছে, সেটা বের করার দায়িত্ব এইচএসবিসি নিচ্ছে। সাব-কমিটির চেয়ারম্যান সিনেটর কার্ল লেভিন বলেন, ব্যাংকটির ‘দূষিত’ ব্যবস্থাপনাই মার্কিন ব্যাংকিং ব্যবস্থায় কালোবাজারি তহবিলের অনুপ্রবেশ ঘটিয়েছে।এর আগে ২০১০ সালে মার্কিন বিচার বিভাগীয় তদন্তে মেক্সিকোয় আর্থিক লেনদেন-সংক্রান্ত তথ্যপ্রমাণ পাওয়া গেলে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ওয়াচোভিয়া ১৬ কোটি মার্কিন ডলার জরিমানা পরিশোধ করতে বাধ্য হয়।