কালো টাকা বিনিয়োগের সুযোগে বাজারে চাঙাভাব
২০১১-১২ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সৃষ্টি হয়েছে। ফলে অনেক বিনিয়োগকারী আবারও বাজারে সক্রিয় হয়েছেন। এর প্রভাবে আজ দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে। তবে অনেকে বিষয়টিকে অনৈতিক হিসেবেও উল্লেখ করেছেন।ডিএসইর পরিচালক ও রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ রশিদ লালী পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, এই টাকা বাজারে তারল্যসংকট দূর করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। বাজার স্থিতিশীলতার দিকে এগোবে। আর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই টাকা লেনদেন হওয়ায় মুদ্রাবাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে।এতে করে বাজার আবার অতিমূল্যায়িত হবে কি না? এমন প্রশ্নের উত্তরে আহমেদ রশিদ বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ বিষয়ে সতর্ক নজর রাখছে। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছি। বাজারে যাতে শেয়ার সরবরাহ বাড়ে, সে ব্যাপারে এসইসির সঙ্গে আলোচনা হয়েছে। আমি আশাবাদী আগামী তিন-চার মাসের মধ্যে নতুন করে আইপিও আসা শুরু হবে।’এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, ‘আমি বিষয়টি ভালো চোখে দেখছি না। সাধারণ লোক যেখানে ২৫ শতাংশ কর দিয়ে থাকেন। সেখানে মাত্র ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ অনৈতিক।’তাঁর মতে, সরকারকে প্রথমেই দেশের সার্বিক তারল্যসংকটের দিকে নজর দিতে হবে। কিছু লোক সুযোগ নেওয়ার জন্য এই চেষ্টা করছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩৮ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১২টা পাঁচ মিনিটে সূচক সর্বোচ্চ ১৪৩ পয়েন্ট বাড়ে। এর পর সূচক সামান্য কমলেও দিন শেষে ডিএসইর সাধারণ মূল্য সূচক ৬৮.১৮ পয়েন্ট বেড়ে ৬০৩৮.৬৬ পয়েন্টে দাঁড়ায়।ডিএসইতে হাতবদল হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২০৫টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৯৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬৬ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে আফতাব অটো, ইউসিবিএল, এমজেএল বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো, এমআই সিমেন্ট, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এনবিএল ও ওয়ান ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ১৯২.৩৯ পয়েন্ট বেড়ে ১৬,৮৭৬.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬৩টির, কমেছে ২৭টির ও অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৯৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি।