কালো টাকা বৈধ করার সুযোগে টিআইবির হতাশা ও উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০১০-১১ অর্থবছরের বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ রাখায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করে বলেছে, এটি সরকারের নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী এবং তা আর্থিক অনিয়মের প্রসার ঘটাবে।তবে সংস্থাটি বাজেটে কৃষি, বিদ্যুৎ-জ্বালানি ও মানবসম্পদের উন্নয়নে দেওয়া অগ্রাধিকারগুলোকে বিদ্যমান চ্যালেঞ্জের যথার্থ প্রতিফলন হিসেবে আখ্যায়িত করে বলেছে, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে বাস্তবায়িত হলে তা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার বাজেটের ওপর সংস্থার প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। এতে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিলের ইস্যুকৃত বন্ডে ১০ ভাগ কর দিয়ে অর্থ বিনিয়োগের যে সুযোগ রাখা হয়েছে, তা প্রকারান্তরে কালো টাকা সাদা করারই নামান্তর। এর ফলে দেশে বড় ধরনের দুর্নীতি প্রশ্রয় পাবে।ইফতেখারুজ্জামান আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ শুধু নৈতিকভাবে অগ্রহণযোগ্যই নয়, বরং রাজস্ব বা বিনিয়োগ বৃদ্ধির যে উদ্দেশ্যে এটি করা হয়, তাও বাস্তবায়িত হয় না। এটি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।টিআইবি মনে করে, ‘উচ্চাভিলাসী’ বাজেটে অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি, প্রতিরক্ষা ও নদী খননের মতো খাতে বড় ধরনের বিনিয়োগ ও ক্রয়ের যে প্রাক্কলন করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার যদি পরিপূর্ণ সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে না পারে, তাহলে লক্ষ্য অর্জন যেমন অসম্ভব হবে, তেমনি দুর্নীতি ও অনিয়মের ব্যাপক প্রসার ঘটবে।অর্থমন্ত্রীর বাজেট বক্তৃৃতায় দুর্নীতি দমন আইন সংশোধনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত সংশোধনীর প্রতি যেভাবে সমর্থন প্রতিফলিত হয়েছে, তাতেও হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। এ ক্ষেত্রে সংস্থাটির বক্তব্য হচ্ছে, সংশোধনীগুলো আইনে পরিণত হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) আরও অকার্যকর হয়ে পড়বে, যা একদিকে সরকারের নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী, অন্যদিকে প্রস্তাবিত বাাজেটের লক্ষ্য অর্জনেও প্রতিকূল পরিবেশের সৃষ্টি করবে।