ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ দাবি করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতারা। এ ছাড়া আয়কর আইনের খসড়ায় প্রস্তাবিত সম্পত্তি কর বাতিলের সুপারিশও করেছেন তাঁরা।গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক-বাজেট আলোচনায় রিহ্যাব নেতারা এসব দাবি জানান। এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ এতে সভাপতিত্ব করেন।আলোচনায় অংশ নেন রিহ্যাবের সাবেক সভাপতি তৌফিক এম সেরাজ, তানভিরুল হক, নির্বাহী কমিটির বর্তমান সদস্য রেজাউল করিম প্রমুখ।রিহ্যাবের বাজেট প্রস্তাবে বলা হয়েছে, খুব সহজেই এ দেশ থেকে কালো টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। টাকা পাচার রোধে প্রথমবার ফ্ল্যাট কেনায় বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত আয় ঘোষণার সুযোগ দেওয়া উচিত। এই প্রক্রিয়ায় ফ্ল্যাট কিনলে ক্রেতার অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না।রিহ্যাবের প্রস্তাবে আরও বলা হয়েছে, বর্তমানে রিয়েল এস্টেট ব্যবসায় মন্দা যাচ্ছে। এমন অবস্থায় আয়কর আইনের খসড়ায় প্রস্তাবিত সম্পত্তি কর চালু করা হলে এই ব্যবসা আরও ক্ষতিগ্রস্ত হবে। তাই রিহ্যাবের নেতারা প্রস্তাবিত সম্পত্তি কর বাতিলের সুপারিশ করেন।এ ছাড়া প্রতি বর্গমিটারে অভিজাত এলাকায় দুই হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং অপেক্ষাকৃত কম অভিজাত এলাকার জন্য ৮০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা আয়কর নির্ধারণের সুপারিশ করেছে রিহ্যাব।রিহ্যাবের সাবেক সভাপতি তানভিরুল হক বলেন, গ্যাস,-বিদ্যুতের সমস্যার কারণে রিয়েল এস্টেট খাতে এখন কিছুটা মন্দা চলছে। এমন অবস্থায় কর রেয়াত-সুবিধা না দিলে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ নষ্ট হবে।দিনের অপর প্রাক-বাজেট আলোচনায় মোটরগাড়ি ও মাইক্রোবাস আমদানির ক্ষেত্রে সিসিভিত্তিক স্তর ও শুল্কহার পুনর্বিন্যাস করার দাবি করেছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টাস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা।এনবিআরের চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বারভিডার সভাপতি আবদুল মান্নান চৌধুরী, মহাসচিব আবদুল হামিদ শরীফ প্রমুখ।বারভিডার প্রস্তাবে মোটরগাড়িতে ১৫০০ সিসি পর্যন্ত ৩০ শতাংশ, ১৫০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত ৬০ শতাংশ, ২০০১ থেকে ২৫০০ সিসি পর্যন্ত ১০০ শতাংশ, ২৫০১ থেকে ৩০০০ সিসি পর্যন্ত ১৫০ শতাংশ এবং ৩০০০ সিসির ঊর্ধ্বে ২৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া মাইক্রোবাসের ওপর শুল্ক আরোপ না করার প্রস্তাবও রাখা হয়েছে।আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘রিকন্ডিশন্ড গাড়ি ও নতুন গাড়ির আমদানির ক্ষেত্রে শুল্কহার বৈষম্যমূলক হওয়ায় প্রতিবছর বিপুলসংখ্যক নিম্নমানের নতুন গাড়ি আমদানি হচ্ছে। এতে একদিকে যেমন ক্রেতারা ঠকছে, অন্যদিকে এনবিআরও রাজস্ব হারাচ্ছে। তাই রিকন্ডিশন্ড ও নতুন গাড়ির শুল্কহার পুনর্বিন্যাস করা উচিত।