কালো টাকার বিষয়ে সমীক্ষা চালাবে ভারত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২৫ বছর পর ভারতের কেন্দ্রীয় সরকার কালো টাকার উৎস, হদিস এবং কীভাবে বিদেশে পাচার হয় ইত্যাদি তথ্য জানার জন্য নতুন এক উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ভারতীয়দের এই কালো টাকা নিয়ে সমীক্ষা চালাতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটসহ চারটি জাতীয় সংস্থাকে এ নিয়ে সমীক্ষা চালিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে এসংক্রান্ত পরামর্শ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, এক বছর ধরে ওই চারটি সংস্থা প্রয়োজনীয় তদন্ত চালিয়ে সমীক্ষা প্রতিবেদন প্রস্তুত করবে। এই সমীক্ষা-কাজে সহায়তা করবে কেন্দ্রীয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের গ্লোবাল ফাইন্যানশিয়াল ইন্টিগ্রিটি সংস্থার সিনিয়র অর্থনীতিবিদ দেব কর এক সমীক্ষা চালিয়ে এক প্রতিবেদনে বলেছেন, গত ৬০ বছরে ভারত থেকে অন্তত ৪৬ হাজার ২০০ কোটি ডলার (২০ লাখ ৩২ হাজার ৮০০ কোটি রুপি) বিদেশে পাচার হয়েছে। এদিকে সুইস ব্যাংকে গচ্ছিত ভারতীয়দের কালো টাকা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করার জন্য ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে নির্দেশ দিয়েছে ভারতের জাতীয় তথ্য কমিশন।