কালো টাকার হদিস পেলে জানাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট দেশ থেকে বিদেশে পাচার হওয়া কালো টাকার হদিস পেলে তা দ্রুত জনসম্মুখে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন।সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি ও বিচারপতি সুরিন্দর সিং নির্জ্জরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত বুধবার এই নির্দেশ দেন। তাঁরা এই নির্দেশে বলেন, কালো টাকাকে শুধু কর ফাঁকির প্রেক্ষিতে দেখা ভুল। মনে রাখতে হবে, এর মাধ্যমে দেশ থেকে বিদেশে সম্পদ চালান হয়েছে। বেঞ্চ আরও বলেন, জাতীয় স্বার্থ জড়িত এমন সবকিছু জানার প্রথম অধিকার দেশের নাগরিকের।জার্মানির দুটি ব্যাংক থেকে ভারতীয়দের হিসাবসংক্রান্ত যে তথ্য সরকার পেয়েছে, তার পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালত এই মন্তব্য করেন।প্রখ্যাত আইনজীবী রাম জেঠমালানির দায়ের করা মামলায় জার্মানির ব্যাংক থেকে ভারতীয়দের হিসাবসংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার ব্যাপারে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছিল কেন্দ্রীয় সরকার। গত বুধবার এই মামলার শুনানির সময় কেন্দ্রীয় সরকার এক হলফনামায় জানায়, জার্মানির ব্যাংক থেকে ২৬ জন ভারতীয় নাগরিকের হিসাবসংক্রান্ত তথ্য পাওয়া গেছে। তবে তাঁদের নাম প্রকাশ করা সম্ভব নয়। এরই পরিপ্রেক্ষিতে ভারতের সর্বোচ্চ আদালত উপরোক্ত মন্তব্য করেন।এদিকে সিপিএমের পলিটব্যুরো গত শুক্রবার এক বিবৃতিতে সুইস ব্যাংক থেকে কালো টাকা উদ্ধার করে তা বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ইতিমধ্যে বিদেশি ব্যাংকে গচ্ছিত ভারতীয়দের কালো টাকা উদ্ঘাটনের লক্ষ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটসহ চারটি জাতীয় সংস্থাকে সমীক্ষা চালিয়ে এ-সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দিয়েছেন।জানা গেছে, এক বছর ধরে ওই চারটি সংস্থা প্রয়োজনীয় তদন্ত চালিয়ে সমীক্ষা রিপোর্ট তৈরি করবে। এ ক্ষেত্রে সংস্থাগুলোকে সহায়তা করবে কেন্দ্রীয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সংস্থা গ্লোবাল ফিন্যানশিয়াল ইনটিগ্রিটির সিনিয়র অর্থনীতিবিদ দেব কর ইতিপূর্বে তাঁর এক সমীক্ষা প্রতিবেদনে জানান, গত ৬০ বছরে ভারত থেকে অন্তত ৪৬ হাজার ২০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, যা ভারতীয় মুদ্রায় ২০ লাখ ৩২ হাজার ৮০০ কোটি রুপির সমান।