গুরুত্ব বিবেচনায় শর্ত সাপেক্ষে অবকাঠামো উন্নয়ন ও শিল্প খাতে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। একই সঙ্গে এই কালোটাকার বিষয়ে সরকারকে শ্বেতপত্র প্রকাশ কিংবা একটি কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে সংস্থাটি।সমিতি বাজেট ঘাটতি কমানোর প্রস্তাব করে বলেছে, জনপ্রশাসনের ব্যয় ও অপচয় কমানোসহ অনুন্নয়নমূলক ব্যয় কমানোর বিষয়ে সরকারকে নজর দিতে হবে। এ ছাড়া শেয়ারবাজারের ওপর নির্ভরশীলতা কমাতে সরকারি ও করপোরেট বন্ড মার্কেট গঠনেরও প্রস্তাব করেছে সমিতি। ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ অর্থনীতি সমিতি। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধূরী।সমিতি বলেছে, শতভাগ বাজেট বাস্তবায়ন সরকারের নির্বাচনী অঙ্গীকার হলেও গত তিনটি বাজেটে সরকার তা রক্ষা করতে পারেনি। ঠিকমতো বাজেট বাস্তবায়নে সরকারকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।কালোটাকা: সমিতির সভাপতি আবুল বারকাত বলেন, দেশে পুঞ্জীভূত কালোটাকার পরিমাণ ছয় থেকে সাত লাখ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের অপ্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, কালোটাকার পরিমাণ জিডিপির ৪২ থেকে ৮২ শতাংশ। বিশাল এই অর্থ উদ্ধার হওয়া প্রয়োজন। তবে এমনভাবে তা আনা উচিত হবে না, যাতে সৎ করদাতারা অসৎ হয়ে যান।আবুল বারকাত বলেন, ‘কালোটাকার একটি বড় অংশই পাচার হয়ে যায়। পার্শ্ববর্তী দেশ ভারতে এখন পাচার হওয়া কালোটাকা উদ্ধারের চেষ্টা করছে। আমরা কেন কালোটাকা উদ্ধার করতে পারব না?’ তবে অর্থনীতি সমিতি সব সময়ই নীতিগতভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার বিপক্ষে বলে জানান তিনি।বাজেট ঘাটতি: অর্থনীতি সমিতি বলছে, বাজেট ঘাটতি মেটাতে সরকারকে অবশ্যই বেগ পেতে হবে। এ জন্য ঘাটতি কমানোর পদক্ষেপ নেওয়া উচিত। ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়ায় ব্যাংকের তারল্যসংকট বাড়াবে এবং নিঃসন্দেহে সুদের হার বাড়াবে। এতে শিল্প খাতের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। সমিতির মতে, প্রস্তাবিত বাজেটে সুদ পরিশোধ খাতে বরাদ্দ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দের দ্বিগুণেরও বেশি। এটি উদ্বেগের বিষয়। সম্ভবত তা অতীতের পুঞ্জীভূত ভারসাম্যহীনতার ফল।আবুল বারকাত বলেন, ‘বিদ্যুৎ খাতের হিসাব উপস্থাপনের ক্ষেত্রে স্থাপিত ক্ষমতার (ইনস্টলড ক্যাপাসিটি) পাশাপাশি প্রকৃত উৎপাদনের চিত্রও দেওয়া উচিত। কারণ, অনেক ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রই সক্ষমতার মাত্র ৪০, ৫০ ও ৬০ শতাংশ উৎপাদন করছে। কিন্তু বরাদ্দ নিচ্ছে শতভাগ। এটা তো অপচয়।’পুঁজিবাজার: অর্থনীতি সমিতি বলেছে, পুঁজিবাজার সংস্কার ও পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ। এ মুহূর্তে পুঁজিবাজারের সমস্যা শুধু সরবরাহ ঘাটতি নয়। চাহিদাস্বল্পতাই বরং প্রকট আকার ধারণ করেছে। এ জন্য প্রয়োজন পুঁজিবাজার ও অর্থবাজারের মধ্যে কার্যকর সমন্বয়।সমিতি বলছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সরকারি ও করপোরেট বন্ড বাজার তৈরি করা প্রয়োজন। এতে বিনিয়োগকারীরা তাঁদের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে পারবেন। এ ছাড়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ডের সম্প্রসারণ প্রয়োজন।করসংক্রান্ত: আবুল বারকাত বলেন, দেশে এক কোটি টাকার বেশি আয়কর দেন মাত্র ৪৬ জন। অথচ বিবিএসের খানা আয়-ব্যয় জরিপের সম্পদের বিবরণী বিশ্লেষণে দেখা গেছে, দেশে এমন লোকের সংখ্যা অন্তত ৫০ হাজার। শুধু এই লোকগুলোর কাছ থেকেই সরকার ৫০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে পারে।সমিতি বলছে, মূল্যস্ফীতির কথা বিবেচনা করে করমুক্ত আয়সীমা বাড়িয়ে দুই লাখ টাকা করা প্রয়োজন। টিআইএন নেই—এমন ব্যক্তিদের ব্যাংকে জমা টাকার ওপর ১৫ শতাংশ উৎসে কর কাটা নিম্ন আয়ের মানুষের ওপর বোঝা বাড়াবে। আবার মুঠোফোনে কথা বলার ওপর করারোপের কোনো যুক্তি নেই। এগুলো প্রত্যাহার করা প্রয়োজন।সমিতি মনে করে, রপ্তানি পণ্যের ওপর উৎসে কর বাড়িয়ে ১ দশমিক ২ শতাংশ করা হয়েছে। এটা একদিকে রপ্তানি অনুৎসাহিত করবে। অন্যদিকে, রপ্তানিকারকদের অসৎ পন্থা অবলম্বনে বাধ্য করতে পারে।এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আবুল বারকাত বলেন, ‘আপনি তামাকজাত পণ্যের ওপর কর বসাতে পারবেন না, কিন্তু মোবাইল ফোনে কথা বলার ওপর কর বসাবেন। বিষয়টি সুন্দর দেখায় না।’