কালোটাকা নেই, আছে কর প্রণোদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল মারুফ খান
আল মারুফ খান

আগামী বাজেটে শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের কোনো সুযোগ রাখা হয়নি। তবে ১০ শতাংশ সুদে শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের বিদ্যমান সুবিধা ৩০ জুন শেষ হয়ে যাবে। এ মেয়াদ পুনরায় বাড়ানো হয়নি বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আবার অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা দেননি। তবে এনবিআরের অর্থবিল-২০১৩-১৪ তে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

অর্থবিলে বলা হয়েছে ‘পুঁজিবাজারে কর অনারোপিত আয় বিনিয়োগের ওপর ১০ শতাংশ কর পরিশোধ সাপেক্ষে বিবেচনাসংক্রান্ত বিধানের মেয়াদ চলতি বছরের ৩০ জুন সমাপ্ত হবে। এর মেয়াদ পুনরায় বৃদ্ধি করা হয়নি।’

শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ না রাখলেও বাজারের স্থিতিশীলতা ফেরাতে বাজেটে (২০১৩-১৪ অর্থবছর) করসংক্রান্ত একগুচ্ছ প্রণোদনা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পুঁজিবাজারে বিনিয়োগ প্রণোদনার আওতায় ঘোষিত সুবিধার মধ্যে রয়েছে—বেসরকারি খাতের মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের ওপর ১৫ শতাংশ কর রেয়াতসুবিধা, শেয়ারের অধিমূল্য বা প্রিমিয়ামের ওপর থেকে কর প্রত্যাহার, করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা বৃদ্ধি। গুচ্ছ প্রণোদনা ঘোষণার পাশাপাশি বাজারকে সুস্থির রাখতে না পারার বিষয়টি স্বীকার করেছেন তিনি। তবে ৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল সম্পর্কে বাজেট বক্তব্যে কিছুই বলা হয়নি।

অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে পুঁজিবাজার বিষয়ে বলেন, আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও পুঁজিবাজারকে সব সময় সুস্থির অবস্থানে রাখা সম্ভব হয়নি।

অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে আরও বলেছেন, পুঁজিবাজারকে স্থিতিশীলতা, সম্প্রসারণ ও শক্তিশালী করতে ব্যক্তিশ্রেণীর করদাতাদের শেয়ার লেনদেন থেকে অর্জিত আয় করমুক্ত এবং বিদ্যমান সুবিধা বহাল রাখা হয়েছে। তার বাইরে প্রিমিয়ামের ওপর আরোপিত ৩ শতাংশ কর প্রত্যাহার করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, এর ফলে নতুন নতুন কোম্পানি তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে।

এ ছাড়া করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এর মানে কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী যদি বছরে ১০ হাজার টাকা পর্যন্ত নগদ লভ্যাংশ পান, তবে তাকে ওই আয়ের জন্য কোনো কর দিতে হবে না।

প্রস্তাবিত বাজেটে বেসরকারি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ওপর ১৫ শতাংশ হারে কর রেয়াতসুবিধা দেওয়া হয়েছে। আগে সরকারি খাতের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে সাধারণ বিনিয়োগকারীরা এই কর রেয়াত সুবিধা পেতেন। এখন থেকে বেসরকারি খাতের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে একই সুবিধা পাওয়া যাবে বলে সম্পদ ব্যবস্থাপকেরা জানান। সেই সঙ্গে বন্ডের বিক্রয়মূল্যের ওপর আরোপিত শূন্য দশমিক ৫ শতাংশ উৎসে কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়।