কালোটাকা বন্ধ ওপারে, আমদানি কমল এপারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের কালোটাকা দমন কর্মসূচির প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত এক মাসে বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আয় কমেছে আগের অর্ধেকে। ভারতীয় কালোটাকা বিনিয়োগের সুযোগ কমে যাওয়ায় পণ্যবাহী ট্রাক কম আসছে। আগে যেখানে গড়ে দিনে ৩০০ ট্রাক এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকত, এখন সেখানে গড়ে দিনে ১৩০ থেকে ১৫০টি ট্রাক আসে। কম পণ্য চলাচল করায় রাজস্ব সংগ্রহও হচ্ছে কম। এ বন্দর দিয়ে প্রধানত ভারতীয় পাথর আমদানি করা হয়।
বাংলাবান্ধা বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম জানান, ভারতে অর্থসংকটের কারণে বাংলাদেশি ব্যবসায়ীরাও নতুন ঋণপত্র বা এলসি খুলছেন না। এলসির বাইরে নগদ অর্থ লেনদেনের সমস্যা হচ্ছে। বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক বিভাগ, পাথর আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের প্রতিনিধিরা সবাই একই কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, ভারতে ৫০০, ১০০০ ও ২০০০ রুপির পুরোনো নোট উঠিয়ে নতুন নোট চালু হওয়ায় সেখানে নগদ অর্থের সংকট সৃষ্টি হয়েছে। এতে করে ব্যবসা-বাণিজ্যের গতিও গেছে কমে। তারই প্রভাব পড়েছে বাংলাদেশে ভারতীয় পাথর রপ্তানিতেও।
বাংলাবান্ধার ভারপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা রওনকুল ইসলামের সঙ্গে গতকাল সোমবার কথা হয় স্থলবন্দর-সংলগ্ন কাস্টমস বিভাগের দপ্তরে। তিনি বলেন, ‘আমরা চাই বেশি আমদানি-রপ্তানি হোক, তাতে সরকারের রাজস্ব আয় বাড়বে। কিন্তু এ বন্দর দিয়ে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানি ঠিকঠাক আগের মতো থাকলেও ভারতীয় পণ্য কম আসছে। নতুন এলসি খোলা প্রায় বন্ধই ছিল নভেম্বর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এখন দুটি একটি আসছে। আগে যেখানে দিনে মোটামুটি ৩০০ ট্রাক পাথর আসত, এখন আসছে গড়ে ১৩০ থেকে ১৫০। তাই আমাদের রাজস্ব আয়ও আগের তুলনায় অর্ধেকের নিচে নেমে এসেছে। আশা করছি ভারতে মুদ্রার জোগান স্বাভাবিক হয়ে এলে বাংলাবান্ধা বন্দরের বাণিজ্যও গতি পাবে।’
কালোটাকা লেনদেনের সমস্যাই এর কারণ কি না, জানতে চাইলে রওনকুল ইসলাম বলেন, ‘সেটা আমাদের জানবার বিষয় নয়। তবে দুই দেশের ব্যবসায়ীরা যদি সমঝোতার মাধ্যমে রাজস্ব ফাঁকি দেয়, তা আমাদের পক্ষে ঠেকানো কঠিন, জানাও কঠিন। কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি এলসির বাইরে লেনদেন হয়, তাহলে সেটাই কালোটাকা। যে রাজস্ব এভাবে বাঁচানো হয়, সেটাও কালোটাকা।’
কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম এই প্রতিবেদকের কাছে পাথর আমদানিতে এই মন্দা অবস্থার কথা জানান। গত মঙ্গলবার তেঁতুলিয়া বাজারে তাঁর দপ্তরে বসে তিনি বলেন, ‘বাংলাদেশে যত স্থলবন্দর আছে, আমদানি বেশি হয় বাংলাবান্ধা দিয়ে। কিন্তু ব্যবসায়ীরা যে পরিমাণ অর্থ আন্ডার ইনভয়েসিং করেন, তা নগদে দিতে ও নিতে পারছেন না। কালোটাকার চ্যানেল বন্ধ হয়ে আছে। তাই নতুন এলসিও করা হচ্ছে না।’
পঞ্চগড়ের পাথর ব্যবসায়ী বাবুল খান জানান, গত এক মাসে তিনি কোনো এলসি করেননি। তিনি স্বীকার করেন, পাথরের ঘনফুট যদি সাড়ে ১৩ ডলার হয়, তাহলে তাঁরা এলসিতে দেখান ১০ ডলার। এই সাড়ে তিন ডলার আন্ডার মানি। অন্যদিকে আগে বাংলাদেশি ১০০ টাকা দিয়ে ৮৩ টাকা পাওয়া যেত। এখন ভারতীয় মুদ্রার টানাটানি হওয়ায় মিলছে মাত্র ৭২-৭৩ টাকা। অর্থাৎ এক লাখে কমে যায় প্রায় ১২ হাজার টাকা। তাই তাঁরা লেনদেনে উৎসাহ পান না।
ভারতের শিলিগুড়ি থেকে পাথরের ট্রাক নিয়ে আসা ভারতীয় চালক ধনঞ্জয় বর্মণও তাঁর অসুবিধার কথা বলেন, ‘বিএসএফ নগদ টাকা আনতে দিচ্ছে না। চলাফেরার জন্য নগদ টাকা তো লাগছেই। কিন্তু আমাদের মালিকেরা টাকা দিচ্ছে না; আমাদের এখান থেকে (বাংলাদেশের পাথর ব্যবসায়ীদের কাছ থেকে) টাকা নিয়ে খাওয়া-খরচ মেটাতে হচ্ছে।’ অপর ট্রাকচালক তরণী রায়ও একই সমস্যার কথা জানান। বাংলাবান্ধার পাথর ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান, ‘ট্রাকচালকদের ৫০০ টাকা করে দিচ্ছি, এটা আমরা পাথরের দামের থেকে পরে কেটে নেব।’
বিদেশ থেকে পণ্য আমদানি-রপ্তানিতে ব্যাংকে এলসি (লেটার অব ক্রেডিট) করা নিয়ম। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী এলসিতে প্রকৃত মূল্য দেখান না। সাধারণত প্রকৃত মূল্যের চেয়ে কম দেখিয়ে (আন্ডার ইনভয়েসিং) রাজস্ব ফাঁকি দেওয়া হয়। আবার মূল্য বেশি দেখিয়ে (ওভার ইনভয়েসিং) বাড়তি অর্থ কালোটাকা হিসেবে দেশের বাইরে পাচারও করা হয়। এলসির হিসাবের বাইরে এই অতিরিক্ত অর্থের লেনদেন হয় ব্যাংকিং ব্যবস্থাকে এড়িয়ে নগদ অথবা হুন্ডি হিসেবে।
তেঁতুলিয়া ও বাংলাবান্ধার একাধিক পাথর আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্ট এই প্রতিবেদককে জানিয়েছেন, বাংলাদেশি ব্যবসায়ীরা যেমন ভারতীয় মুদ্রায় এলসিবহির্ভূত অর্থ শোধ করতে পারছিলেন না, তেমনি ভারতীয় ব্যবসায়ীরাও পাথর রপ্তানিতে কালোটাকা বিনিয়োগে অসুবিধায় পড়েছেন। আর তার জন্যই তাঁদের দিক থেকে বাংলাদেশে পাথর রপ্তানি এবং বাংলাদেশি ব্যবসায়ীদের দিক থেকে ভারতীয় পাথর আমদানি রাতারাতি প্রায় অর্ধেকে নেমে আসে।