২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালোটাকা বৈধকরণের সুযোগ রাখার তীব্র প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংগঠনটি মনে করে, এটি সংবিধান ও নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী।টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সরকারের চতুর্থ বাজেট প্রস্তাবের প্রতিক্রিয়ায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বাজেট প্রস্তাবে আয়কর আইন সংশোধন করে কালোটাকাকে বৈধ করার যে প্রবিধানের প্রস্তাব করা হয়েছে, তা সম্পূর্ণ অসাংবিধানিক, অনৈতিক ও বৈষম্যমূলক। এর ফলে অবৈধ উপার্জনকারী ও কর ফাঁকিদাতাকে দৃষ্টান্তমূলক শাস্তির বদলে পুরস্কৃত করা হচ্ছে, অন্যদিকে নিরুৎসাহিত হচ্ছেন বৈধ ও সৎ উপায়ে উপার্জনকারী করদাতারা।’বিবৃতিতে ইফতেখারুজ্জামান বলেন, এই সিদ্ধান্ত সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান ও সুশাসনের অঙ্গীকারের পরিপন্থী। বাজেট থেকে এই প্রস্তাব প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।