কালোটাকা সাদা করার চিরস্থায়ী সুযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢালাওভাবে কালোটাকা সাদা করার সুযোগ দিল সরকার। শুধু আগামী অর্থবছরে নয়, তার পরও কালোটাকা সাদা করা যাবে। সব সময় যাতে কালোটাকা সাদা করা যায়, সে জন্য জরিমানার বিধান রেখে আইনি কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এ জন্য আয়কর অধ্যাদেশে ১৯ (ই) নামে নতুন একটি ধারা সংযোজন করে হয়েছে।স্বাধীনতার পর প্রতিটি সরকারই কালোটাকা সাদা করার সুযোগ দিয়েছে। কিন্তু খুব বেশি কালোটাকা সাদা হয়নি। এ পর্যন্ত মোট ১২ হাজার ৯৯৬ কোটি টাকা সাদা হয়েছে। আয়কর অধ্যাদেশের ১৯ (ই) ধারা অনুযায়ী, অতীতের যেকোনো বছরের আয় গোপন করা হয়ে থাকলে তা প্রদর্শন করা যাবে। যে বছরে আয় করা হয়েছিল, সে বছরের সেই আয়ের করহার প্রযোজ্য হবে। এর সঙ্গে যোগ হবে প্রদত্ত করের ১০ শতাংশ হারে জরিমানা। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো করদাতার ২০১০-১২ অর্থবছরে এক কোটি টাকা কালোটাকা উপার্জন করেন। করদাতা যদি সরকারের দেওয়া এ সুবিধা নিতে চান তাহলে তাঁকে ২৫ লাখ টাকা আয়কর দিতে হবে। এর পাশাপাশি জরিমানা হিসেবে ২৫ লাখের ১০ শতাংশ হিসেবে আড়াই লাখ টাকা। একাধিক বছরের কালোটাকা সাদা করার সুযোগও থাকছে। এর জন্য বার্ষিক আয়কর বিবরণীর সঙ্গে আলাদা ফরমে নাম, কোন খাতের আয় ও পরিমাণ, কর ও জরিমানার পরিমাণ ঘোষণা দিতে হবে। তবে তিনটি ক্ষেত্রে কালোটাকা সাদা করার সুযোগ পাওয়া যাবে না। এক. কোনো করদাতার বিরুদ্ধে সংশ্লিষ্ট করবর্ষের আয় গোপনের অভিযোগে নোটিশ করা হলে বা পুনঃ মামলা উন্মোচন করা হলে। দুই. কোনো করদাতার ব্যাংক হিসাব তল্লাশির জন্য চিঠি দেওয়া হলে এবং তিন. করদাতার আয় গোপনের অভিযোগে মামলা চলমান থাকলে। এত দিন আয়কর অধ্যাদেশের ১২৮ ধারায় শুধু কর কর্মকর্তাদের মাধ্যমে কর ফাঁকি উদ্ঘাটিত হলেই ১০ শতাংশ জরিমানা দিয়ে তা বৈধ করার সুযোগ ছিল। এখন স্বপ্রণোদিত হয়েই এ সুযোগ নিতে পারবেন যেকোনো করদাতা। বিভিন্ন সূত্রে জানা গেছে, সরকারের বিভিন্ন প্রভাবশালী মহলের চাপ এবং নতুন ব্যাংকের উদ্যোক্তা বিনিয়োগ, বড় অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।