কালোটাকা সাদা করার পক্ষে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোটাকা সাদা করার বিধান বহাল রাখার পক্ষে মত দিয়েছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, এ বিষয়ে বর্তমানে সরকারের যে সিদ্ধান্ত আছে, কমিটি তা বহাল রাখার পক্ষে। বর্তমানে ১০ শতাংশ হারে কর দিয়ে নির্ধারিত কিছু খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করার সুযোগ আছে।কমিটি একই সঙ্গে ব্যক্তিশ্রেণীর বার্ষিক করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে দুই লাখ টাকা নির্ধারণের সুপারিশ করেছে। আর বাণিজ্যিক প্রতিষ্ঠানের আয়কর কমানোর সুপারিশ করেছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, সংসদীয় কমিটি ব্যক্তিগত পর্যায়ে সবার সম্পদের হিসাব আয়কর হিসাব বিবরণীতে উল্লেখ বাধ্যতামূলক করার সুপারিশ করেছে। সভাপতি বলেন, কমিটির বিবেচনায় অপ্রদর্শিত সম্পদের মূল্যমান ৫০ লাখ টাকা হলে সে জন্য ২৫ শতাংশ কর এবং ২৫ শতাংশ জরিমানা দিতে হবে। এতে সরকারের সমালোচনা হতে পারে। কিন্তু কাউকে না কাউকে এ কাজ শুরু করতে হতো।বৈঠকে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে পণ্য আমদানিকারকদের কর্মকাণ্ডকে আমলযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়। সভাপতি বলেন, কেউ বিদেশ থেকে পণ্য আমদানি করে কর না দিলে তাঁর কাছ থেকে দ্বিগুণ কর আদায় করতে হবে।মুস্তফা কামাল আরও বলেন, বর্তমানে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য চারটি স্তর আছে। কমিটি একে তিন স্তরে আনার সুপারিশ করেছে। করমুক্ত সীমার বাইরে প্রথম পাঁচ লাখের (দুই লাখ থেকে সাত লাখ টাকা) জন্য ১০ শতাংশ, দ্বিতীয় স্তরের পাঁচ লাখের জন্য (সাত থেকে ১২ লাখ টাকা) ২০ শতাংশ এবং এর পরের স্তরের (১২ লাখ টাকার ওপরে) জন্য ২৫ শতাংশ হারে আয়কর দিতে হবে। বর্তমানে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা এক লাখ ৮০ হাজার টাকা।সংসদীয় কমিটি সরকার কর্তৃক নতুন ব্যাংকের অনুমোদন দেওয়াকে অযৌক্তিক মনে করে না বলে মুস্তফা কামাল উল্লেখ করেন। তিনি বলেন, গত অর্থবছরে ব্যাংক খাত ১৯ হাজার ৭০০ কোটি টাকা মুনাফা করেছে। বর্তমানে চার লাখ ৬৮ হাজার কোটি টাকার স্থায়ী আমানত আছে। সুতরাং নতুন ব্যাংক এলে সেবার মান বাড়বে।বৈঠকে বিশেষ আমন্ত্রণে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী অংশ নেন। মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, এম কে আনোয়ার, তাজুল ইসলাম, এম এ মান্নান, গোলাম দস্তগীর গাজী ও ফরিদা রহমান উপস্থিত ছিলেন।