কালোটাকা সাদা করার বিধান সমর্থন করি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেট ও অর্থনীতির ওপর দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রভাব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেনপ্রথম আলো: আসছে বাজেটে কোন খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করেন?মীর নাসির হোসেন: আসছে বাজেটে অবশ্যই বিদ্যুৎ-জ্বালানি খাতকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বাজেট হতে হবে শিল্প ও রপ্তানিবান্ধব। শিল্প ও রপ্তানি খাতে ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে। পাশাপাশি কর ছাড়ের পরিধি আরও বিস্তৃত করতে হবে। বিদ্যুৎ খাতে ভর্তুকির বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নিতে হবে। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে গিয়ে সরকার কুইক রেন্টাল পদ্ধতি গ্রহণ করায় তা দেশের অর্থনৈতিক সংকটকে প্রকট করে তুলেছে। কেননা, এই খাতে বর্তমানে সরকারকে যে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, আমার মনে হয় শুরুতে সেটি সরকারের চিন্তায় ছিল না। একদিকে কুইক রেন্টালগুলো থেকে সরকার বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রি করছে, অন্যদিকে এসব কেন্দ্রে ব্যবহূত জ্বালানিতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। এতে দুই দিক থেকেই ক্ষতি হচ্ছে।প্রথম আলো: তাহলে বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে সরকারের করণীয় কী হতে পারত?মীর নাসির: কুইক রেন্টালের পাশাপাশি সরকার শুরুতে যদি বড় বড় বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে নজর দিয়ে দ্রুত সেগুলোর কাজ শুরু করত, তাহলে এত দিনে হয়তো কুইক রেন্টালগুলো বন্ধ করে দেওয়া যেত। কিন্তু সেটি হয়নি।প্রথম আলো: আগামী বাজেটেও অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগের সুযোগ থাকবে বলে মনে করা হচ্ছে। এ ধরনের সুযোগ দিলে অর্থনৈতিকভাবে কতটা সুফল পাওয়া যায়?মীর নাসির: কালোটাকা নানাভাবে প্রতিনিয়ত আমাদের অর্থনীতিতে ঢুকে পড়ছে। কিন্তু সরকারগুলো বাজেটে বারবার কালোটাকা বৈধ করার সুযোগ দিয়ে তা থেকে কাঙ্ক্ষিত মাত্রায় লাভবান হতে বা রাজস্ব আহরণ করতে পারেনি। যেহেতু বারবার সুযোগ দিয়েও কাঙ্ক্ষিত কোনো সুফল পাওয়া যাচ্ছে না, তাই আমি কালোটাকা সাদা করার বিধান বা সুযোগ রাখার বিষয়টিকে সমর্থন করি না। তা ছাড়া যত দিন পর্যন্ত সামাজিক সচেতনতা, সুশাসন প্রতিষ্ঠা এবং কর প্রশাসন শক্তিশালী ও আধুনিকীকরণ না হবে, তত দিন আমরা কালোটাকার আবর্ত থেকে বের হতে পারব বলে মনে হয় না। এ জন্য সবার আগে দরকার রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক মূল্যবোধ বা সচেতনতা।প্রথম আলো: আগামী বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী বলে আপনি মনে করেন?মীর নাসির: ভর্তুকি কমানো এবং বরাদ্দকৃত ভর্তুকির অর্থের সংস্থান করা হবে আগামী বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাস্তবায়নের চ্যালেঞ্জ তো রয়েছেই। বাজেটের কলেবর না বাড়িয়ে বাস্তবায়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। প্রতিবারই বিশাল আকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি হাতে নেওয়া হচ্ছে। কিন্তু বছর শেষে সেটির বাস্তবায়ন হয় না। আবার বেশির ভাগ ক্ষেত্রেই এডিপিতে রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। কিন্তু সেগুলোরও যথাযথ বাস্তবায়ন হয় না। সরকারকে মনে রাখতে হবে, যদি সরকারি ব্যয় না বাড়ে, তাহলে বেসরকারি খাতের ব্যয়ও বাড়বে না।প্রথম আলো: দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থাকে কীভাবে মূল্যায়ন করবেন?মীর নাসির: এক কথায় বলতে গেলে দেশের সামষ্টিক অর্থনীতির সবগুলো সূচকই এখন খারাপ অবস্থায় আছে। মূল্যস্ফীতির হার বার্ষিক লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। টাকার মান অনেক কমে গেছে। বিদেশি উৎস থেকে ঘাটতি অর্থায়নের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় দেশীয় ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ অনেক বেড়ে গেছে। এ কারণে বেসরকারি খাতের ঋণপ্রবাহ আশঙ্কাজনক হারে কমে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা। দেশের রাজনৈতিক অবস্থা যে দিকে এগোচ্ছে, তাতে আমরা ব্যবসায়ীরা শঙ্কিত। এমনিতেই সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি চলছিল। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইলিয়াস আলীর গুম বা নিখোঁজের ঘটনা। বিরোধী দল একের পর এক হরতাল আহ্বান করছে। সরকারও কঠোর অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে আমরা ব্যবসায়ী সমাজ উদ্বিগ্ন। মনে হচ্ছে, রাজনীতিতে এখন অহমিকা বা ইগোর সমস্যা প্রকট। আমরা চাই দুই দলই এই সমস্যা থেকে বেরিয়ে সমঝোতার পথে আসুক।[সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন]