কালোটাকা সাদা করার সুযোগ থেকে গেল

চলতি অর্থবছরেও কালোটাকা সাদা করার সুযোগ অব্যাহত আছে।তবে এ সুযোগ কিছুটা সীমিত করা হয়েছে। আর সরকার মনে করে, আবাসন খাতকে চাঙা করতেই এ সুযোগ দেওয়া হয়েছে।
২০১৩-১৪ অর্থবছরের বাজেটে কালোটাকা দিয়ে জমি ও ফ্ল্যাট কেনার সুযোগ করে দেওয়া হয়েছিল। কিন্তু বাজেট পাসের আগে জমি কেনার ক্ষেত্রে সুযোগটি প্রত্যাহার করা হয়েছে। তাই জমি কিনে কালোটাকা সাদা করা যাবে না।
গত ২৯ জুন অর্থবিল ২০১৩ পাসের আগে অর্থমন্ত্রী তাঁর এ প্রস্তাব প্রত্যাহার করে নেন। অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, ‘এ সুবিধা দেওয়া হলে অনুৎপাদনশীল খাতে অযথা খরচ হবে এবং জমির দাম বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী অপ্রদর্শিত আয় বিনিয়োগকে নিরুৎসাহিত করার লক্ষ্যে এ-সংক্রান্ত প্রস্তাবটি বাতিল করা যেতে পারে বলে মত দিয়েছেন, আমি এ প্রস্তাবটি বাদ দিচ্ছি।’
তবে ফ্ল্যাট কেনায় কালোটাকা সাদা করার সুযোগটি রাখা হয়েছে। এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আবাসনশিল্পের সঙ্গে ৭৩টি খাত জড়িত। এখানে বিশালসংখ্যক শ্রমিক কাজ করেন। এ খাতের বিপর্যয় রক্ষায় কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।’
ফ্ল্যাট বা বাড়ি কিনে কালোটাকা সাদা করার ক্ষেত্রে আয়তন অনুসারে নির্দিষ্ট কর দিতে হবে। তাহলে কর কর্তৃপক্ষ কোনো প্রশ্ন ছাড়াই তা গ্রহণ করবে।
অন্যান্য: এদিকে শিল্পবাণিজ্যসহ অন্য বিনিয়োগ খাতে ১০ শতাংশ হারে কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এভাবে বিনিয়োগ করলে কর বিভাগ কোনো প্রশ্ন করবে না। অর্থমন্ত্রী নতুন করে এ সংশোধনী প্রস্তাব দেন।
যদি কোনো কারণে কোনো করদাতা অতীতে তাঁর আয় কম প্রদর্শন করে থাকেন বা কোনো কারণে প্রাপ্ত অর্থ সম্পদ বিবরণী প্রদর্শন না করতে পারেন, সে ক্ষেত্রে তিনি তাঁর সেই আয় বিদ্যমান আইন অনুযায়ী স্বেচ্ছামূলকভাবে প্রদর্শন করতে পারেন। এ জন্য শুধু প্রদেয় করের ১০ শতাংশ অতিরিক্ত জরিমানা দিতে হয়। এভাবে জরিমানাসহ কর প্রদান করে একজন করদাতা তাঁর অপ্রদর্শিত আয় প্রদর্শন করার পর তা শিল্পবাণিজ্যসহ অপরাপর ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন। এতে কর বিভাগ কোনো প্রশ্ন করবে না।
চলতি অর্থবছর থেকে শেয়ারবাজারে কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়নি।