কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ায় হতাশ বিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটে রপ্তানিপণ্যের ওপর উৎসে কর বাড়ানো এবং বাজেটঘাটতি মোকাবিলায় দেশি ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। একই সঙ্গে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ায় হতাশা ব্যক্ত করেছে সংগঠনটি।ঢাকার মতিঝিলে গতকাল বুধবার কার্যালয়ে সংগঠনের পরিচালনা পর্ষদের এক সভায় ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনাকালে এসব উদ্বেগ জানানো হয়। বিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং পরিচালক পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।গতকাল বিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মন্দার কারণে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে। এ অবস্থায় প্রস্তাবিত বাজেটে উৎসে কর দ্বিগুণ করা বাস্তবতাবিবর্জিত। আবার কাস্টমস ডেটাবেইজডসম্পন্ন না হওয়া পর্যন্ত পিএসআই প্রত্যাহার করা ঠিক হবে না।বিসিআই ব্যক্তিশ্রেণীর করমুক্ত সীমা এক লাখ ৮০ হাজার থেকে বাড়ানো এবং ন্যূনতম কর না বাড়ানোর আহ্বান জানায়। সংগঠনটি বলছে, টিআইএন নেই—এমন লোকের আমানতের ওপর ১৫ শতাংশ উৎসে কর কাটার প্রস্তাব করা হয়েছে। এটি কার্যকর হলে ক্ষুদ্র আমানতকারীরা সঞ্চয়ে উৎসাহ হারাবে এবং পুরো ব্যাংকিং খাতের আমানতের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।কালোটাকা সাদা করতে সুযোগ দেওয়ায় বিষয়ে বিসিআই বলছে, এই অর্থ শুধু উৎপাদনশীল খাতেই বিনিয়োগের সুযোগ দিতে হবে।বিদ্যুৎ খাতে বরাদ্দ বাড়ানো, এসএমই খাতে বিভিন্ন রেয়াত-সুবিধা, জাহাজ নির্মাণ ও ওষুধশিল্পে প্রণোদনা, রপ্তানিমুখী শিল্পের মূলধনি যন্ত্রপাতি ও ইটিপি স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহার, নারী উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার থোক বরাদ্দ, শিল্পদূষণ রোধে বাংলাদেশ ব্যাংকে ২০০ কোটি টাকার তহবিল গঠন, পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোসহ বাজেটের বেশ কিছু পদক্ষেপকে স্বাগত জানায় বাংলাদেশ চেম্বার।