সিপিডির বাজেট প্রস্তাব
কালোটাকা সাদা করার সুযোগ বন্ধের সুপারিশ
কর ও ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ।
সিগারেট কোম্পানির কর ৫৫ শতাংশ করার প্রস্তাব।
ইংরেজি মাধ্যম স্কুলের ভ্যাট প্রত্যাহারের সুপারিশ।
আগামী বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সিপিডি মনে করে, কালোটাকা সাদা করার সুযোগ দিলে সৎ করদাতারা নিরুৎসাহিত হন, আর
কর ফাঁকিবাজেরা উৎসাহিত হন। পাশাপাশি কালোটাকা সাদার করার সুযোগ দেওয়ার সমস্যা দূর করতে বেনামি সম্পদ বিল উত্থাপনের সুপারিশ করেছে সিপিডি।
এ ছাড়া ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা আরও ৫০ হাজার টাকা বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকায় উন্নীত করার সুপারিশও করেছে সিপিডি। সংস্থাটি বলছে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে। আবার করোনা মহামারির কারণে অনেকের আয় কমে গেছে। এ ছাড়া বর্তমানে করমুক্ত আয়সীমার পরের প্রথম ১ লাখ টাকার ওপর ৫ শতাংশ কর আরোপ করা আছে। সিপিডির প্রস্তাব হলো—করমুক্ত আয়সীমার পরের প্রথম ৩ লাখ টাকার ওপর ৫ শতাংশ হারে করারোপ করার।
আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য এসব বাজেট প্রস্তাব দিয়েছে সিপিডি। গতকাল মঙ্গলবার ধানমন্ডির সিপিডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন প্রস্তাবগুলো তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বাজেট সামনে রেখে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সংবাদ সম্মেলনটি শেষ পর্যন্ত বাজেট প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আলোচনায় উঠে এসেছে দ্রব্যমূল্য, আগামী নির্বাচন, শ্রীলঙ্কা সংকটসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু।
অনুষ্ঠানে শুল্ক-করসংক্রান্ত বেশ কিছু প্রস্তাব দিয়েছে সিপিডি। এর মধ্যে অন্যতম হলো ব্যক্তিশ্রেণির করদাতাদের সর্বোচ্চ করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা; একক ব্যক্তি কোম্পানির করপোরেট করহার ৩০ শতাংশ ও সিগারেট কোম্পানির করপোরেট কর ৪৫ থেকে বাড়িয়ে ৫৫ শতাংশ করা; কোমল পানীয়ের ওপর শুল্ক বৃদ্ধি; স্যানিটারি ন্যাপকিনের কাঁচামালের শুল্ক–কর কমানো; ইংরেজি মাধ্যম স্কুলের ভ্যাট প্রত্যাহার ইত্যাদি।
ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা করার সুপারিশ সিপিডির। সিপিডির মতে, আগামী বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া উচিত।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অগ্রাধিকার
সিপিডি বলেছে, নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। গরিব মানুষ চাপে আছে। এ ধরনের তাৎক্ষণিক চ্যালেঞ্জ মোকাবিলাকে আগামী অর্থবছরের বাজেটে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করে সংস্থাটি। সিপিডি মনে করে, নিত্যপণ্যের শুল্ক-কর কমালে দাম কিছুটা কমতে পারে। আবার ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রির জন্য ওএমএস কার্যক্রম বিস্তৃত করা দরকার। গরিব মানুষকে সরাসরি নগদ সহায়তা দেওয়ার কর্মসূচি বাড়ানোর সুপারিশও করেছে সিপিডি। সংস্থাটি মনে করে, নিত্যপণ্যের উচ্চ মূল্য আগামী অর্থবছরের প্রথম কয়েক মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি সম্পর্কে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতির যে তথ্য দেওয়া হয়, বাস্তবের সঙ্গে তা মিলছে না। বাস্তবে জিনিসপত্রের দাম তথা মূল্যস্ফীতি অনেক বেশি। অথচ সরকারি তথ্যে বলা হচ্ছে, মূল্যস্ফীতি ৬ শতাংশ।
কর ও ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ
নির্বাচনের আগের বছরে কর ও ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান। এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনের সময় ভোটের জন্য জনগণের কাছেই যেতে হয়। করখেলাপি ও ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নিলে তাতে জনগণ খুশি হবে। কিন্তু এ দেশে করখেলাপি ও ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। উল্টো নির্বাচনের আগে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। আবার ঋণখেলাপিদেরও নানা ধরনের ছাড় দেওয়া হয়। নির্বাচনের আগের বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) খরচ কমানোর জন্য অপ্রয়োজনীয় নতুন প্রকল্প না নেওয়ার সুপারিশ করেন তিনি।
সামনে চার উত্তরণ ও চ্যালেঞ্জ
আগামী কয়েক বছরে বাংলাদেশের চারটি বড় উত্তরণ হচ্ছে। যেমন, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ, ২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, ২০৩১ সালে উচ্চমধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উচ্চ আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য আছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে এখনই প্রস্তুতি নিতে হবে। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ২০২৬ সালে যেন হঠাৎ করে উত্তরণের সব চ্যালেঞ্জ সামনে এসে না পড়ে। যেমন, কঠিন শর্তের ঋণ, ওষুধশিল্পে কঠোর শর্ত, বাণিজ্য সুবিধা ইত্যাদি। এখনো চার বছর সময় আছে। তাই এখনই প্রস্তুতি নিতে হবে। সিপিডি মনে করে, প্রতিবছরের বাজেটে স্বল্পমেয়াদি কিছু উদ্যোগ নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি উদ্যোগও থাকা উচিত।
শ্রীলঙ্কা থেকে শিক্ষা
সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা সংকটের বিষয়টিও উঠে আসে। এই বিষয়ে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার সঙ্গে তুলনীয় নয়; তবে শিক্ষণীয় আছে। শ্রীলঙ্কা প্রকল্প বাস্তবায়ন করেছে, কিন্তু সময়মতো শেষ হয়নি। এর মধ্যে ঋণ পরিশোধের চাপ সৃষ্টি হয়। তাই আমাদের বড় প্রকল্পগুলো সুশাসনের সঙ্গে সময়মতো ও সাশ্রয়ীভাবে শেষ করতে হবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান।