কালোটাকা সাদা করার সুযোগ সৎ করদাতাদের জন্য শাস্তিস্বরূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কাসেম খান
আবুল কাসেম খান

করোনোর প্রকোপের মধ্যেও অর্থমন্ত্রী ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছেন। এটা যদি অর্জন হয়, তাহলে খুবই ভালো। বর্তমান পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা অনিশ্চিত। এ অবস্থায় এবারের বাজেটে কারও মধ্যে প্রত্যাশা খুব বেশি ছিল না। কারণ, সবাই আতঙ্কের মধ্যে আছে।

বাজেটে অবাধে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। একজন ব্যবসায়ী হিসেবে আমি কোনোভাবেই এটা মানতে পারি না। কালোটাকা দুভাবে হয়ে থাকে। কর না দেওয়ায় বৈধ আয় অনেক সময় অবৈধ হয়ে যায়। আমরা চাই, এটা বৈধ হোক, তবে এত ছাড়ে নয়। আমাদের মতো যারা উচ্চ হারে নিয়মিত কর দিই, তারা এতে নিরাশ হবে। আর যারা সময়মতো দিল না, তারা এখন ১০ শতাংশ কর দিয়েই টাকা সাদা করার সুযোগ পাচ্ছে। এত কম হারে কর দিয়ে টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া ভালো করদাতাদের জন্য একধরনের শাস্তি। আবার অবৈধ অর্থ ১০ শতাংশ দিয়ে সাদা করা হচ্ছে। এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। টাকা সাদা করার সুযোগ যদি দিতেই হয়, তবে নিয়মিত করদাতাদের চেয়ে অতিরিক্ত ১০ শতাংশ কর দিয়ে সেই সুযোগ দেওয়া যেতে পারে। তা না হলে ভালো করদাতারা নিরুৎসাহিত হবে।

নতুন বাজেটে রাজস্ব আদায়ে উচ্চাভিলাষী লক্ষ্য দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর কাছে নিশ্চয়ই কোনো হিসাব আছে, না হলে এই পরিস্থিতিতে এত বড় লক্ষ্য তিনি নির্ধারণ করতেন না। প্রস্তাবিত বাজেটে ব্যক্তি কর, করপোরেট কর কমানোর ঘোষণা এসেছে। এটা ভালো উদ্যোগ। এতে মানুষের হাতে টাকা থাকবে, তারা খরচ করতে পারবে। করপোরেট কর আড়াই শতাংশ কমানো হয়েছে, আমরা ৫ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছিলাম। এর বাইরে অতিরিক্ত ২ শতাংশ কমানোর দাবি জানিয়েছিলাম। এ করোনাকালে যারা কর্মী ছাঁটাই করবে না, প্রতিষ্ঠান বন্ধ করবে না, শুধু তাদের এ সুযোগ দেওয়ার প্রস্তাব করেছিলাম আমরা।

আমাদের যুক্তি ছিল, কর্মীরা যদি চাকরিতে টিকে থাকেন, তাহলে বেতন পাবেন। অর্থনীতিতে খরচ করবেন। এর ফলে অর্থনীতি চাঙা থাকবে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান ধরে রাখা। বর্তমান পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠানই চিন্তা করবে কর্মী ছাঁটাই করে খরচ কমানোর, যেহেতু আয় কমে গেছে। আমরা সরকারকে আবারও অনুরোধ করব এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার। আমরা যারা দেশে ব্যবসা করে আসছি, আমাদের প্রস্তাবের গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল।

এদিকে রপ্তানি করেও যারা বিদেশ থেকে টাকা আনছে না, তাদের ওপর ৫০ শতাংশ কর আরোপের প্রস্তাব সমর্থন করতে পারি না। ১০ শতাংশ জরিমানা দিয়ে এসব টাকা দেশে আনার সুযোগ দেওয়া দরকার ছিল। এর ফলে দেশে ডলার আসত।

এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে। এখনই সময় স্বাস্থ্য খাত ও সামাজিক সুরক্ষায় ব্যয় বাড়ানোর। নিশ্চয়ই এ খাতের টেকসই উন্নয়নে সরকার আরও গুরুত্ব দেবে। করোনা পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যাবে, তা এখনো বলা যাবে না। তাই স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াতেই হবে।

ব্যাংকে জমা টাকার ওপর আবগারি শুল্ক কাটার যে প্রস্তাব বাজেটে করা হয়েছে, আমি কোনোভাবেই সেটিকে সমর্থন করতে পারি না। ব্যাংকে সবাই বৈধ টাকা রাখে, এটা কর দেওয়া টাকা। এর ওপর আবার কর কাটা মানা যায় না। আবগারি শুল্কের মাধ্যমে মানুষকে ব্যাংকে টাকা রাখায় নিরুৎসাহিত করা হচ্ছে। মানুষ ব্যাংকের বাইরে চলে গেলে সমস্যা বাড়বে। বরং নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে হবে। করোনার কারণেও নগদ টাকার ব্যবহার কমাতে হবে।

মুঠোফোন থেকে সরকার এভাবে টাকা কেটে নিচ্ছে, আমি বুঝতে পারি না। মুঠোফোন তো এখন জনগণের, শুধু ধনীদের নয়। বর্তমান প্রধানমন্ত্রীই মুঠোফোনকে জনগণের ফোন করেছেন। তাহলে কেন সবার ওপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। এখন ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। সামাজিক দূরত্ব ধরে রাখতে সবার কাছে স্বল্প মূল্যে ইন্টারনেট পৌঁছে দিতে হবে। তাই মুঠোফোনে প্রদত্ত সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাবটি সরকার নতুন করে চিন্তা করবে বলে আমি আশা করি।

তবে আমি বলব, এ করোনাকালে সব মিলিয়ে একটা ভালো বাজেট হয়েছে। ছোটখাটো কিছু বিষয় পুনর্বিবেচনা করলে আরও ভালো হবে, বিশেষ করে কর্মসংস্থান ধরে রাখার বিষয়টি।

লেখক: সাবেক সভাপতি, ঢাকা চেম্বার