কালোটাকা সাদা করার সুযোগের বিপক্ষে টিআইবি
কালোটাকা সাদা করার সুযোগ দেওয়াকে ‘অসাংবিধানিক’, ‘অনৈতিক’ এবং ‘বৈষম্য সৃষ্টিকারী’ সুযোগ হিসেবে উল্লেখ করে আসন্ন বাজেটে এ সুযোগ না দিতে সরকারকে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ আহ্বান জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এই অনৈতিক সুযোগ কার্যত অনিয়ম ও দুর্নীতিকে পুরস্কৃত এবং সততাকে নিরুৎসাহিত করে। একই সঙ্গে এটি সরকারকে দুর্নীতির সংরক্ষক এবং সহায়ক হিসেবে উপস্থাপিত করে।
ইফতেখারুজ্জামান আরও বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটি প্রমাণিত যে এ সুবিধা দেওয়ার ফলে অর্থনীতি মোটেও উপকৃত হয় না। এমনকি তা উল্লেখযোগ্য হারে রাজস্ব আদায়েরও সহায়ক নয়।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত চার অর্থবছরে দুই হাজার ৯৮ কোটি টাকার সমপরিমাণ কালোটাকা সাদা করার বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড ২৮০ কোটি টাকার কর পেয়েছে৷
আবার চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বর্গমিটারপ্রতি নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে বিনা প্রশ্নে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে৷
এ ছাড়া দুই বছর আগে বিদ্যমান আয়কর অধ্যাদেশে ১৯ই ধারা সংযোজন করে স্থায়ীভাবে অপ্রদর্শিত আয় বা কর অনারোপিত আয় স্বেচ্ছায় ঘোষণা দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে৷ তবে সেই অর্থ বৈধ উপায়ে আয় হতে হবে৷ এ জন্য শুধু প্রদেয় করের ১০ শতাংশ অতিরিক্ত জরিমানা দিতে হয়৷ এতে কর বিভাগ কোনো প্রশ্ন করবে না৷
অন্যদিকে একই বিবৃতিতে প্রতিরক্ষাসহ সব খাতের বাজেট বরাদ্দের ক্ষেত্রে আরও স্বচ্ছতার মাধ্যমে জাতীয় সংসদ ও সংসদের বাইরেও ব্যাপক আলোচনার সুযোগ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে টিআইবি।
সংস্থাটির এই নির্বাহী পরিচালক আরও বলেন, প্রতিরক্ষা খাতকে ধরাছোঁয়ার বাইরের খাত বিবেচনা না করে জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ খাত বিবেচনা করে এ বিষয়ে মুক্ত আলোচনার সুেযাগ তৈরি করতে হবে। যেন এ ক্ষেত্রে আরও বেশি জনআস্থা তৈরি হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রতিরক্ষা খাত বাজেটে বেশি বরাদ্দ পাওয়া খাতগুলোর একটি। কিন্তু সেখানে শুধু একটি থোক বরাদ্দের পরিমাণ উল্লেখ থাকলেও তাদের বিস্তারিত তথ্য থাকে না যে, কোন কোন খাতে এ অর্থ ব্যয় করা হবে। সে কারণে কোন খাতে এসব তথ্য ব্যয় হচ্ছে সে তথ্য জনগণ জানতে পারে না। এ তথ্য জানার অধিকার জনগণের আছে।
ইফতেখারুজ্জামান আরও বলেন, প্রতিরক্ষা খাত নিয়ে এখন মোটেও আলোচনা হয় না। এ বিষয়ে কোনো প্রশ্নও উত্থাপিত হয় না, কোনো বিতর্কও হয় না। বিশ্বের গণতান্ত্রিক সব দেশেই এসব তথ্য নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে ১৪ হাজার ২২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে৷ এটি মোট বাজেটের ৫ দশমিক ৬ শতাংশ৷