কালোটাকা সাদা করায় আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়করমুক্ত সীমা আড়াই লাখ টাকা করার সুপারিশ করেছে জাতীয় কর আইনজীবী সমিতি। এ ছাড়া কালোটাকা সাদা করার সুযোগ না দেওয়ার পক্ষেও এই সমিতির নেতারা অবস্থান নিয়েছেন। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতীয় আয়কর আইনজীবী সমিতির নেতারা এসব দাবি জানান। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সমিতির সভাপতি জাকির হোসেন, মহাসচিব আবদুল আজিজ সরকার, সহসভাপতি আজমল হোসেন, যুগ্ম মহাসচিব কাজী আরেফীন জাহান প্রমুখ। লিখিত বক্তব্য উপস্থাপন করেন কার্যকরী সভাপতি আকমল হোসেন। সমিতির প্রস্তাবে বলা হয়, কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া অনৈতিক। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে এ সুযোগ দেওয়া ঠিক নয়। এর ফলে দেশের প্রচলিত আইন মেনে যাঁরা কর দিচ্ছেন, তাঁদের অনুভূতিতে বিদ্রোহ দেখা দিতে পারে। সমিতির প্রস্তাবে সম্পদ কর চালুর সুপারিশ করা হয়। এতে বলা হয়, সম্পদ কর না করে বিত্তশালীদের পক্ষাবলম্বন করে রাজস্বের ক্ষতি করা হয়েছে। সম্পদ কর চালু করলে জাতীয় রাজস্ব বৃদ্ধি পাবে। রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে এনজিও কর্মকর্তাদের বেতনের ওপর করারোপের প্রস্তাব করেছেন আইনজীবী সমিতির নেতারা। এ ছাড়া ১০ শতাংশ আয়কর বৃদ্ধির মাধ্যমে সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি দাখিলের বিধান চালুর প্রস্তাবও করা হয়। সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়নি এমন স্থায়ী সম্পত্তি বিক্রির ক্ষেত্রে ২০ শতাংশ কর দেওয়ার বিধান করার প্রস্তাব করা হয়।