কালোটাকাকে বৈধতা না দেওয়ার আহ্বান টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আগামী ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটে কালোটাকাকে বৈধতা প্রদানের সুযোগ অব্যাহত রাখার বিষয়ে বিভিন্ন মহলের পক্ষে দাবি উত্থাপনের পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি ‘এই অসাংবিধানিক, অনৈতিক ও বৈষম্য সৃষ্টিকারী’ সুযোগ প্রদান থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘কালোটাকাকে বৈধতা প্রদান সংবিধানের ২০(২) ধারার সঙ্গে সাংঘর্ষিক। এই চর্চা সরকারের নির্বাচনী অঙ্গীকারেরও পরিপন্থী এবং আর্থিক অনিয়মের প্রসারে সহায়ক ও সুরক্ষা প্রদানের সমার্থক।’ তিনি মনে করেন, কালোটাকাকে বৈধতা দেওয়ার সুযোগ চিরতরে বন্ধ করার সুস্পষ্ট ঘোষণা প্রদানের মাধ্যমে সরকার জনগণের আস্থা অর্জনে এক ধাপ এগিয়ে যেতে পারে।

ইফতেখারুজ্জামান বলেন, অবৈধ পথে উপার্জিত অর্থ বৈধ করার সুযোগ দিলে তাতে দেশের অর্থনীতি মোটেও উপকৃত হয় না। এ ধরনের সুযোগ রাজস্ব আদায়ের ক্ষেত্রেও কোনো সহায়ক ভূমিকা পালন করে না। বরং এটি সরকারের নীতি-কাঠামোয় দুর্নীতি-সহায়ক মহলের অযাচিত প্রভাব বিস্তারের এক বিব্রতকর দৃষ্টান্ত।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘অনৈতিক দাবির কাছে নতি স্বীকার করে আসন্ন বাজেটে কালোটাকা বৈধ করার সুবিধা দেওয়া হলে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদিরূপকল্প ২০২১, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও জাতীয় শুদ্ধাচার কৌশলে দেওয়া নিজস্ব প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটবে।’