কালোটাকাকে বৈধতা না দেওয়ার আহ্বান টিআইবির
আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটে আবাসনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করা অর্থের উৎস না জানানোর সুযোগ দিতে এসব খাতের সংগঠনগুলো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে যে দাবি তুলেছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এ ধরনের ‘অসাংবিধানিক, অনৈতিক ও বৈষম্য সৃষ্টিকারী’ সুযোগ দেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘কালোটাকাকে বৈধতা প্রদান সংবিধানের ২০ (২) ধারার সাথে সাংঘর্ষিক। এই চর্চা সরকারের নির্বাচনী অঙ্গীকারেরও পরিপন্থী এবং দুর্নীতি প্রসারে সহায়ক ও সুরক্ষা প্রদানের সমার্থক। অন্যদিকে কালোটাকাকে বৈধতা প্রদান অব্যাহত রাখা দুর্নীতি সহায়ক মহল কর্তৃক সরকারের নীতিকাঠামোর ওপর অযাচিত প্রভাব বিস্তারের বিব্রতকর দৃষ্টান্ত।’
টিআইবি মনে করে, অনৈতিক দাবির কাছে নতিস্বীকার করে আসন্ন বাজেটে উল্লিখিত সুবিধা দেওয়া হলে বর্তমান সরকারের রূপকল্প ২০২১, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও জাতীয় শুদ্ধাচার কৌশলে দেওয়া প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটবে।