দেশে কালোটাকার উৎস নির্মূল ও পুঁজি পাচার রোধ করতে হলে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। কেননা, বাংলাদেশের সংঘাতপূর্ণ রাজনীতি পুঁজি পাচারকে উৎসাহিত করছে। বর্তমানে বছরে প্রায় ১৮০ কোটি ডলার দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। অথচ বছরে বাংলাদেশ বিদেশি ঋণ ও অনুদান হিসেবে ১২০ কোটি ডলার পেয়ে থাকে।“‘কালোটাকার রাজনৈতিক অর্থনীতি: অপ্রদর্শিত অর্থনীতি, জাতীয় বাজেট ও অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ’ শীর্ষক এক সেমিনারে গতকাল শনিবার এসব পর্যবেক্ষণ ও উপাত্ত তুলে ধরা হয়। ঢাকার জাতীয় প্রেসক্লাবে ইক্যুইটিবিডি আয়োজিত এ সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন রেজাউল করিম চৌধুরী। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ইক্যুইটিবিডির আহসানুল করিম। এতে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই কালোটাকার হার সর্বাধিক, যা প্রায় ৩৮ শতাংশ। সেখানে ভারতে এটি ২৩ শতাংশ। কালোটাকা নিয়ন্ত্রণে ভারতের কৌশল অনুসরণের পরামর্শ দেন তিনি।আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক আবু আহমেদ বলেন, দেশের বর্তমান সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিবেশ একটা অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার জন্ম দিচ্ছে। ফলে বড় পুঁজি বিদেশে পাচার হয়ে যাচ্ছে। তিনি বলেন, বিদেশি কোম্পানিগুলো কতটা মুনাফা এ দেশ থেকে বাইরে নিয়ে যাচ্ছে, সে ব্যাপারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি খাজা মাইন উদ্দিন বলেন, আগামী বাজেটে কোনোভাবেই কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া উচিত হবে না। সাংসদ এম এ মান্নান সাংসদদের নির্বাচনী ব্যয় বাস্তবসম্মত হওয়া উচিত উল্লেখ করে এর সীমা বাড়ানোর পরামর্শ দেন। তিনি এ-ও বলেন, পরবর্তী সময়ে ব্যয় করা টাকার হিসাব চাওয়া যেতে পারে, যাতে নির্বাচনে অনৈতিকভাবে অর্থ ব্যয় রোধ করা যায়।