কালোটাকার উৎস বন্ধ করতে নজরদারি প্রয়োজন: মসিউর
প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, যেকোনো সরকারেরই উচিত, কালোটাকার বিষয়ে সুস্পষ্ট নীতি প্রণয়ন করা এবং কালোটাকার উৎস বন্ধে বেশি নজর দেওয়া। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘২০১২-১৩: কেমন বাজেট চাই’ শীর্ষক এক মুক্ত আলোচনায় গতকাল মঙ্গলবার মসিউর রহমান এসব কথা বলেন। তবে আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। মসিউর রহমান আরও বলেন, ‘আমদানিকৃত পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ার কারণে দেশে মূল্যস্ফীতি বাড়ছে। সেখানে দাম স্থিতিশীল থাকলে এমনটা হতো না। এ জন্য এককভাবে সরকারকে দায়ী করা ঠিক নয়।’প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সংসদে গিয়ে আলোচনা-সমালোচনা না করলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়। যত দিন সংসদে গিয়ে সরকারের ভুলত্রুটি দেখিয়ে দেবেন না, তত দিন রাষ্ট্রপরিচালনায় সরকারের গুণগত মান বৃদ্ধি পাবে না।’ এবি নিউজ টোয়েন্টিফোর ডট কম আয়োজিত এই মুক্ত আলোচনায় অংশ নেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবীর, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, সেন্টার ফর পলিসি ডায়ালগের জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম, সাংবাদিক অজয় দাশগুপ্ত প্রমুখ। মুক্ত আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন জনতা ব্যাংকের পরিচালক আর এম দেবনাথ। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবি নিউজের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়।অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘কালোটাকা উপার্জনকারীদের শনাক্ত করতে হবে। তবে এক-এক করে তাঁদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার চেষ্টা করে লাভ নেই। আসলে আমাদের আগে রাঘববোয়ালদের চিহ্নিত করতে হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই বাকিরা ঠিক হয়ে যাবে।’ আকাশ আরও বলেন, ‘বর্তমান অর্থনৈতিক অবস্থায় ভর্তুকি বন্ধ করা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। তবে ভর্তুকি সুষ্ঠুভাবে বণ্টন কিংবা তা উৎপাদনশীল খাতে প্রভাবিত হচ্ছে কি না, সেটি খতিয়ে দেখতে হবে।’ খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, স্বাধীনতার পর সংসদের ৭০ শতাংশ ছিলেন পেশাদার রাজনীতিবিদ। আর এখন ৬৮ শতাংশ সাংসদই ব্যবসায়ী। আগে ব্যবসায়ীরা টাকা দিয়ে সাংসদদের প্রভাবিত করতেন। কিন্তু এখন ব্যবসায়ীরা নিজেরাই সাংসদের আসনে বসেছেন। এটি যত দিন দূর করা যাবে না, তত দিন সম্পদের সুষ্ঠু বণ্টন সম্ভব নয় বলে মন্তব্য করেন ইব্রাহিম খালেদ। তিনি বলেন, যাঁরা লাভ করার জন্য ব্যবসা করেন, তাঁদের সাধুবাদ। কিন্তু যাঁরা লোভের বশবর্তী হয়ে ব্যবসা করেন, তারা দেশের জন্য ক্ষতিকর। এই সংখ্যাই এখন বেশি। কৃষি ব্যাংকের চেয়ারম্যান আরও বলেন, সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করে কৃষিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। তাই এই খাতে প্রবৃদ্ধি বাড়ানো যেতে পারে। অন্যদিকে বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি। সাংবাদিক অজয় দাশগুপ্ত বলেন, প্রবৃদ্ধি বাড়াতে হলে আসলেই সংস্কার করতে হবে। ভর্তুকি, ব্যাংকঋণ, ছোট ও মাঝারি শিল্পের নীতির ক্ষেত্রে কিছু কাঠামোগত পরিবর্তনও আনতে হবে।