কালোটাকার প্রয়োজনীয়তার পক্ষে মন্ত্রী-সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো সরাসরি কালোটাকার প্রয়োজনীয়তার পক্ষে কথা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অর্থসচিব মোহাম্মদ তারেক। ঘুষ-দুর্নীতির মাধ্যমে যে কালোটাকা তৈরি হয়, সে প্রসঙ্গে কথা না বলে অর্থমন্ত্রী কালোটাকার উৎস হিসেবে বরং প্রধানত দায়ী করলেন প্রবাসী আয়কে (রেমিট্যান্স)। মন্ত্রীর সঙ্গে সুর মেলালেন অর্থসচিবও। অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কালোটাকা উৎপাদিত হয়ে আসছে বহু দিন। এটা হতেই থাকবে। নিয়ন্ত্রণ করা সহজ হবে না, নিরুৎসাহিত করাও এক-দুই দিনে সম্ভব হবে না।’আর অর্থসচিব বলেন, ‘কালোটাকা হলো লুকিয়ে রাখা টাকা। এমন কোনো অর্থনীতি নেই, যেখানে কালোটাকা নেই। এর সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই। পুঁজিবাদী অর্থনীতিতে কালোটাকা তৈরি হবেই।’সচিবালয়ে গতকাল রোববার ২০১২-১৩ অর্থবছরের বাজেট বিষয়ে দেশের অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন। ইআরএফের সভাপতি খাজা মাইনুদ্দীন, সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছিসহ ফোরামের সদস্যরা আলোচনায় অংশ নেন।শুরুতে বক্তব্য দেওয়ার পর আলোচনার মাঝখানেও বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। শেষে কথা বলেন মন্ত্রী-সচিব দুজনই। ভারপ্রাপ্ত পরিকল্পনাসচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব শফিকুল আজম এ সময় উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী জানান, ‘আগামী অর্থবছরের বাজেটের আকার গতবারের তুলনায় ১৭ শতাংশ বাড়বে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) হবে ৫৪ হাজার কোটি টাকার। এটা উচ্চাভিলাষী। তবে আমি উন্নয়ন বাজেটে উচ্চাভিলাষীই হতে চাই।’অন্যবারের মতো আগামী বাজেটেও মূল্যস্ফীতি ও ব্যাংকঋণকে দুই সমস্যা উল্লেখ করে অর্থমন্ত্রী অগ্রাধিকার খাত নির্বাচনে তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানান। তিনি বলেন, ‘আগামী ৭ জুন সংসদে বাজেট উপস্থাপন এবং ২৮ জুন তা পাস হবে।’কালোটাকার বিষয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ‘কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার তিনি পক্ষপাতী নন। কিন্তু গণতান্ত্রিক সরকারকে অনেক কিছুই করতে হয়।’প্রবাসী আয়কে কালোটাকার অন্যতম উৎস উল্লেখ করে মুহিত বলেন, ‘অন্য দেশে আয় করে আমার দেশে পাঠাচ্ছে। এদের ওপর কোনো কর আরোপ করা হয় না। এতে টাকা কালো হচ্ছে।’অর্থসচিব মোহাম্মদ তারেক এ বিষয়ে বলেন, ‘সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যর্থ হয়েছে। চলছে পুঁজিবাদী অর্থনীতি। এতে কালোটাকা হয়ই। আর পুঁজিবাদী অর্থনীতির মৌলিক দর্শনই হচ্ছে মুনাফা, মুনাফা এবং মুনাফা।’এ সময় সচিবের কথার মাঝখানে অর্থমন্ত্রী বলেন, ‘আমি একটু হস্তক্ষেপ করি। আমাদের কাজ হচ্ছে এই অধিক মুনাফার প্রবণতাটাকে একটু টেনে ধরা।’অর্থসচিব আরও বলেন, ‘কালোটাকার মাধ্যমে পুঁজি তৈরি হচ্ছে। এটা প্রয়োজন। তবে পুঁজি কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ।’অর্থমন্ত্রী বলেন, ‘৪০ বছরে দেশের উন্নতি একেবারে মন্দ হয়নি। মাঝখানে ১৬ বছর আমরা হারিয়েছি। তার পর থেকেই পরিবর্তনটা এসেছে। দেশের অর্থনীতি এখন এক “ভিন্ন ধরনের অর্থনীতি”। ২০০১ থেকে ২০১২-এর মধ্যে এই অর্থনীতির সব সূচকই প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আমি দুঃখিত যে, আমাদের অর্থনীতিবিদদের চোখে তা ধরা পড়ে না।’মুহিত আরও বলেন, ‘এখানকার দুর্বলতা শুধু রাজনীতিতে। তবে একটা পরিবর্তন কিন্তু অবধারিত। আগেরবার বিএনপি এসে আওয়ামী লীগের সব কাজ বন্ধ করে দিয়েছিল। এবার কিন্তু পারবে না। বিদ্যুৎ প্রকল্প কীভাবে বন্ধ করবে তারা?’ভারতের বাজেটে ৭ শতাংশ ঘাটতির উদাহরণ টেনে অর্থমন্ত্রী বলেন, ঘাটতি না থাকলে সম্প্রসারণমূলক অর্থনীতি হবে না। আগামী বাজেটেও তাই ঘাটতি থাকবে। বরং এবারের তুলনায় একটু বেশিই থাকবে। দেখতে হবে যে টাকাটা কোথায় যাচ্ছে। যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) মতো ডেসটিনি ২০০০, ইউনিপেটুইউ, নিউওয়ে, রেভেনেক্স ইত্যাদি প্রতিষ্ঠান কথিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতিতে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে—এ বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা আইনের ব্যাপার। এদের নিয়ন্ত্রণের জন্য বিশেষ আইন দরকার।’ইআরএফের সদস্যরা মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার আট বছর ধরে একই জায়গায় আটকে থাকা থেকে উত্তরণ, গণপরিবহনে ভর্তুকি দেওয়া, এডিপি বাস্তবায়নে দক্ষতা, ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ কমানো, জাপানসহ উন্নত দেশগুলোতে দক্ষ যুবশক্তি রপ্তানি, করযোগ্য ব্যক্তিদের সঠিক তালিকা প্রকাশ, নতুন নতুন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, গুণগত মানসম্পন্ন শিক্ষা পদ্ধতির ব্যবস্থা, পরিবেশ বিপর্যয় রোধ, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) যথাযথ বাস্তবায়ন এবং কালোটাকার মালিকদের নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রস্তাব দেন।আগামী বাজেটে সাংবাদিকদের জন্য কোনো সুখবর অর্থাৎ অষ্টম মজুরি বোর্ড রোয়েদাদ বিষয়ে কোনো ঘোষণা থাকবে কি না—এমন প্রশ্নের কোনো জবাব না দিয়ে শুধু হাসলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।