কালোটাকার বিনিয়োগকে স্বাগত জানাল রিহ্যাব
আগামী অর্থবছরের বাজেটে ফ্ল্যাট, প্লট বা জমি কিনতে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়াকে স্বাগত জানিয়েছে দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সংগঠনটির নেতারা বলেছেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে আবাসনশিল্প আবার চাঙা হবে।একই সঙ্গে নেতারা প্রস্তাবিত বাজেটকে সর্বস্তরের মানুষের জন্য উন্নয়নমুখী ও গৃহায়ণশিল্পের জন্য কল্যাণকর বলেও অভিহিত করেছেন। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলেন রিহ্যাবের নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান। প্রস্তাবিত বাজেটে টাকার উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করবে না এনবিআর—এমন সুযোগ রেখে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে। তবে এই টাকা দিয়ে শুধু ফ্ল্যাট, প্লট বা জমি কেনা যাবে। এ জন্য ফ্ল্যাট, প্লট বা জমির ক্রয়মূল্যের ওপর নির্দিষ্ট পরিমাণ কর দিলেই চলবে। ওয়াহিদুজ্জামান বলেন, ‘বাজেটে আবাসন খাতে নতুন করে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ায় ও উৎসে কর হ্রাসের প্রস্তাব দেওয়ায় দেশের অভ্যন্তরে বিনিয়োগ বাড়বে। প্রবাসীরা বেশি মাত্রায় বিনিয়োগ করবেন। এতে সরকারের রাজস্ব বাড়বে।’ বাজেটের প্রস্তাব অনুযায়ী সাদা সিমেন্ট, অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি, জেনারেটরের যন্ত্রাংশ ও মূলধনি যন্ত্রপাতির ক্যাপিটাল দাম কমার সম্ভাবনা থাকায় এ সিদ্ধান্তগুলোকেও স্বাগত জানান রিহ্যাবের নেতারা। এ ছাড়া তাঁরা মধ্যবিত্তদের জন্য স্বল্প সুদে এক হাজার ৫০০ কোটি টাকার ঋণ তহবিল চালু, নিবন্ধন ব্যয় ১২ থেকে কমিয়ে সাড়ে ৬ শতাংশে নির্ধারণ করাসহ বেশ কিছু দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি মো. আবদুর রশীদ, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম প্রমুখ।