কালোটাকার মালিকেরা সরকারে গিয়ে দারিদ্র্য কমাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে নির্ধারক হিসেবে কালোটাকার মালিকেরা সরকারে গিয়ে দারিদ্র্য ও আয়বৈষম্য কমিয়ে ফেলবেন, এটা বিশ্বাস করা যায় না। তাঁরা বরং সরকারে ও সরকারের বাইরে থেকে দারিদ্র্য নিয়ে ব্যবসা করেন। তা না হলে তাঁদের লুণ্ঠন-প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। দারিদ্র্য হ্রাসে সরকার ও রাষ্ট্রের সীমাবদ্ধতা তুলে ধরতে গিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত এসব কথা বলেছেন।বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর জাতীয় সেমিনারের তৃতীয় ও শেষ অধিবেশনে গতকাল শনিবার ‘ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় দারিদ্র্য ও বৈষম্য হ্রাস: উক্ত ও অনুক্ত বিষয়াদি’ শীর্ষক প্রবন্ধে এসব কথা বলা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। আইএইসিএন-এর উপদেষ্টা আনছারুল করিম পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে আরেকটি প্রবন্ধ পাঠ করেন।আবুল বারকাত দারিদ্র্য নিরসনে পঞ্চবার্ষিক পরিকল্পনার সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যে (এমডিজি) চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল করার কথা বলা হয়েছে। বাংলাদেশও জাতিসংঘের সদস্যরাষ্ট্র হিসেবে এতে স্বাক্ষর করেছে। কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় দারিদ্র্য নির্মূল করার কথা না বলে ‘হ্রাসের’ কথা বলা হয়েছে। অর্থনীতি সমিতির সভাপতির মতে, দেশের অর্থনীতি যে দুর্বৃত্তায়নের ফাঁদে পড়েছে এবং তা থেকে দারিদ্র্য পুনরুৎপাদিত হচ্ছে। এ অবস্থার আমূল পরিবর্তন ছাড়া দারিদ্র্য ও বৈষম্য দূর করা সম্ভব না। অথচ পরিকল্পনা দলিলে মৌলিক এই বিষয়টি নিয়ে কোনো বক্তব্য নেই।আবুল বারকাত বলেন, দাতাগোষ্ঠী বুঝিয়ে থাকে যে উন্নয়ন হলে স্বয়ংক্রিয়ভাবে দারিদ্র্য কমে যাবে। কিন্তু এমন অনেক দেশ আছে, যেখানে উন্নয়ন হলেও দারিদ্র্য কমেনি। উল্টো আয়্যবৈষম্য বেড়ে গেছে। তাই দারিদ্র্য উচ্ছেদ করাই টেকসই উন্নয়নের পূর্বশর্ত। অর্থাৎ দারিদ্র্য উচ্ছেদ হলেই উন্নয়ন হবে। বারকাত বলেন, দ্রব্যমূল্য বাড়ার পাশাপাশি কর্মসংস্থান না বাড়া ও প্রকৃত আয় কমে যাওয়ার প্রভাবে নিম্ন-মধ্যবিত্তরাও আসলে দরিদ্র শ্রেণীভুক্ত হয়। এ হিসাবে বাংলাদেশের ৮৩ শতাংশ মানুষই দরিদ্র। আনছারুল করিম বলেন, দারিদ্র্যের একটি বড় কারণ জলবায়ু পরিবর্তন। অথচ এ কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পরিকল্পনায় স্পষ্ট করে কিছু বলা হয়নি। কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, জলবায়ু পরিবর্তনসহ অর্থনীতিতে যে সমস্যা আছে, তা সমন্বিতভাবে দেখতে হবে। সেভাবেই পরিকল্পনা করে বাস্তবায়ন করতে হবে।