দেশে কালোটাকার ওপর শ্বেতপত্র প্রকাশসহ একটি কমিশন গঠন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি৷ ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সমিতির পক্ষ থেকে গত শনিবার এই আহ্বান জানানো হয়৷
রাজধানীর ইস্কাটন গার্ডেনে অর্থনীতি সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট প্রতিক্রিয়া তুলে ধরেন সমিতির নেতারা৷ এতে বক্তব্য দেন সমিতির সভাপতি আবুল বারকাত ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধূরী৷
শ্বেতপত্রের মাধ্যমে দেশে কালোটাকার পরিমাণ ও প্রকৃতি, নিয়ন্ত্রণের উপায় এবং এ বিষয়ে সরকারের নীতি সুস্পষ্ট হতে পারে বলে মনে করে অর্থনীতি সমিতি৷
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে পুঞ্জীভূত কালোটাকার আনুমানিক পরিমাণ হবে পাঁচ লাখ কোটি থেকে সাত লাখ কোটি টাকা৷ অবশ্য অর্থ মন্ত্রণালয়ের হিসাবে, কালোটাকার পরিমাণ বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪২ থেকে ৮৪ শতাংশ। আর ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপির পরিমাণ (স্থির মূল্যে) সাত লাখ ৭৪ হাজার ৫৩৯ কোটি টাকা।
সেই হিসেবে বাংলাদেশে কালোটাকার পরিমাণ দাঁড়ায় তিন লাখ ২৫ হাজার কোটি টাকা থেকে ছয় লাখ ৫০ হাজার কোটি টাকা।
অর্থনীতি সমিতি মনে করে, এ অর্থ উদ্ধারে এমন কোনো পথ-পদ্ধতি অবলম্বন করা উচিত হবে না, যাতে সৎ ব্যক্তিরা ভবিষ্যতে অসৎ হতে উৎসাহ পান৷ বর্তমানে নির্দিষ্ট কর এবং ১০ শতাংশ জরিমানা দিয়ে আবাসন খাতে কালোটাকা বিনিয়োগের সুযোগ আছে, যা দেশের মানুষের আবাসন সমস্যা সমাধানের ভালো ফর্দ নয়৷
এই বাস্তবতায় শক্ত শর্তে অবকাঠামো খাতের রাস্তাঘাট-সেতু-বিদ্যুৎকেন্দ্রসহ শিল্প খাতে বিনিয়োগের সুযোগ দেওয়ার কথা ভাবা যেতে পারে বলে অর্থনীতি সমিতি মনে করে। সমিতির যুক্তি হলো, দেশে যেহেতু উৎপাদনশীল খাতে বিনিয়োগের চাহিদা বেশি, সেহেতু কালোটাকা এদিকে নিয়ে আসা যেতে পারে। শক্ত শর্ত বলতে সমিতি নির্ধারিত কর ও জরিমানা প্রদান করা এবং কালোটাকার মালিকের পরিচিতি প্রকাশ করাকে বুঝিয়েছে৷
টিআইবি: এদিকে গত শুক্রবার বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে কালোটাকা সাদা করার বিষয়ে অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রভাবশালী মহলের চাপে নতি স্বীকার না করে বাজেটে কালোটাকাকে বৈধতা দেওয়ার অনৈতিক, অসাংবিধানিক ও বৈষম্যমূলক পথে অর্থমন্ত্রীর না যাওয়ার সিদ্ধান্তের ঘোষণা প্রশংসনীয়। তবে একই সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যানের বক্তব্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বাজেট বক্তৃতায় বিষয়টি এড়িয়া যাওয়ার ফলেই বিভ্রান্তি ঘনীভূত হয়েছে।’