কাস্টম হাউস পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দুদক কমিশনার
কাস্টম হাউসে ধাপে ধাপে অনিয়ম আছে
চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়ন প্রক্রিয়া থেকে শুরু করে প্রতিটি ধাপে অনিয়ম আছে। এ জন্য কাস্টমস কর্তৃপক্ষকে দুর্নীতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
গতকাল সোমবার সকালে কাস্টম হাউস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম।
এর আগে সকালে কমিশনারের নেতৃত্বে দুদকের একটি দল কাস্টম হাউসের শুল্কায়ন কার্যক্রম ঘুরে দেখে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তারা। কাস্টম হাউস ব্যবহারকারী সিঅ্যান্ডএফ নেতাদের সঙ্গেও কথা হয়। এ সময় দুদকের মহাপরিচালক আতিকুর রহমান ও মোহাম্মদ মুনীর চৌধুরী উপস্থিত ছিলেন।
কাস্টম হাউস মিলনায়তনে দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষ চাইলে ধাপে ধাপে অনিয়ম দূর করতে পারে। অনেক সরকারি প্রতিষ্ঠান অনিয়ম দূর করেছে। তবে কাস্টম হাউসে এ রকম কিছু পাওয়া যায়নি। তিনি আরও বলেন, সম্প্রতি ধারাবাহিকভাবে একাধিক পত্রিকায় কাস্টম হাউস সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইলেকট্রনিক মিডিয়ায় ও টক শোতে ফুটেজ দেখানো হয়েছে, কাস্টম হাউসের মধ্যে কীভাবে টাকা লেনদেন হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এ জন্য নির্দেশনা দিয়ে ছেড়ে দিলে হবে না। কাস্টম হাউসে পরিদর্শনের চিত্র তুলে ধরে তিনি বলেন, সিঅ্যান্ডএফ এজেন্টরা কাস্টমস কর্মকর্তাদের কক্ষে ফাইলপত্র নিয়ে অবাধে চলাচল করে। এটা হওয়ার কথা নয়। একজন অফিসারের পাশে বসে যদি তারা আলাপ-আলোচনা করে শুল্কায়ন করে, তাহলে সেখানে দুর্নীতির গন্ধ থাকবে।
কাস্টমস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে দুদক কমিশনার বলেন, দুর্নীতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বরখাস্ত করুন। ২০১৭ সাল হবে দুর্নীতিবাজদের জন্য আতঙ্কের বছর। দুদকের যে ক্ষমতা আইনে আছে, তাতে দুদক বাসা থেকে শুরু করে অফিস—সব জায়গায় গিয়ে তল্লাশি করতে পারবে। দুর্নীতিবাজেরা অর্থ-সম্পদ যেখানে রাখুন না কেন, গোপন করার কোনো সুযোগ পাবেন না। টাকা হোক, অন্য সম্পদ হোক, তা দৃশ্যমান হবে।
দুদক কমিশনার বলেন, ‘কাস্টম হাউস কর্তৃপক্ষকে অনুরোধ জানাব, নজরদারি বাড়ান। দুর্নীতি যাতে না হয়, সেই ব্যবস্থা করুন। দুর্নীতি যারা করে, তাদের শাস্তির ব্যবস্থা করেন। তাহলে কাস্টম হাউসকে দুর্নীতিমুক্ত করা যাবে।’
বন্দরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
দুদকের দল বন্দরের জেটি এলাকা পরিদর্শন করে। পরে বন্দর ভবনে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তারা। বৈঠক থেকে বের হয়ে দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, ‘বন্দর সম্পর্কে যেসব অভিযোগ পেয়েছি, সে সম্পর্কে জানতে চেয়েছি। এখানে সিস্টেম সম্পর্কেও জানা দরকার ছিল। যেসব ক্ষেত্রে দুর্নীতির আশঙ্কা আছে, তা নিয়ে কথা বলেছি। কমিশনে এসব নিয়ে কথা বলব। সংশ্লিষ্ট বিভাগকে এ ব্যাপারে জানাব।’