কাস্টমস বিভাগের দুর্নীতি তদন্তে দুদক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে এনবিআরের কাছ থেকে ২০১০ ও ২০১১ সালের যাবতীয় তথ্য-উপাত্ত চেয়েছে দুদক। এই লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।অন্যদিকে রাজস্ব বোর্ডও বিষয়টিকে গুরত্ব দিয়ে ইতিমধ্যে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এনবিআর গতকাল বুধবার ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল ও মংলা কাস্টম হাউস ও কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) কমিশনারদের দুদকের চাহিদা অনুযায়ী তথ্য-উপাত্ত দেওয়ার জন্য চিঠি দিয়েছে।প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কাস্টমস বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া পদ্ধতিগত দুর্নীতির অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে এনবিআরের কাস্টমস বিভাগের সদস্য নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরাও চাই কাস্টমস বিভাগে সুশাসন প্রতিষ্ঠা হোক। এতে রাজস্ব আদায়ে আরও গতি আসবে। করদাতারাও আরও স্বচ্ছন্দে তাঁদের ওপর আরোপিত কর দিতে পারবেন।’ তিনি আরও জানান, দুদককে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করছে এনবিআর।জানা গেছে, কিছুদিন আগে দুদক নিজস্ব পদ্ধতিতে কাস্টমস বিভাগের প্রাতিষ্ঠানিক দুর্নীতি উদ্ঘাটন ও প্রতিরোধের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কাজ শুরু করে। এই অনুসন্ধানে দুদকের উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রাপ্ত তথ্যের পর্যালোচনাও শুরু করেছে।৪ এপ্রিল কমিটির প্রধান এক চিঠিতে এনবিআরের চেয়ারম্যানের কাছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি উদ্ঘাটনে কাস্টমসের ২০১০ ও ২০১১ সালের রেকর্ডপত্র সরবরাহের জন্য অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে দুদককে সার্বিক সহায়তা দেওয়ার জন্য এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক-নিরীক্ষা) মসিউর রহমানকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করা হয়।দুদকের চাওয়াদুর্নীতিতে অভিযুক্ত কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা চেয়েছে দুদক। বিগত দুই বছরে কাস্টমস বিভাগের যেসব কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণজনিত কারণে কোনো বিভাগীয় মামলা হয়েছে, সেই তালিকাসহ অভিযোগের বিবরণী ও বিভাগীয় ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।এ ছাড়া আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের মধ্যে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত ছিল এমন সন্দেহভাজনদের তালিকা দেওয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষ ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।বিগত দুই বছরে আন্ডার ইনভয়েস ও ওভার ইনভয়েসের (মূল্য কম বা বেশি দেখানো) মাধ্যমে বিদেশ থেকে পণ্য আমদানির কারণে যে পরিমাণ রাজস্ব ক্ষতি ও অর্থ পাচার হওয়ার তথ্য শুল্ক গোয়েন্দা অধিদপ্তর উদ্ঘাটন করেছে, তা চেয়েছে দুদক। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম ও বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা সব পণ্যের বিল অব এন্ট্রি ও ঋণপত্রের অনুলিপিও চাওয়া হয়েছে।২০০৪ সাল থেকে আন্তর্জাতিক সংস্থার জন্য আমদানি করা গাড়ির বিবরণও দিতে হবে এনবিআরকে। আবার এসব গাড়ির মধ্যে যেসব গাড়ি হস্তান্তর বা বিক্রি করা হয়েছে, সেগুলোর বিবরণের পাশাপাশি যথাযথভাবে শুল্ক আদায় করা হয়েছে কি না, সেই রেকর্ডপত্রও চেয়েছে দুদক।২০১০ ও ২০১১ সালে চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে আমদানি করা সব গাড়ি, ছাড়কৃত গাড়ি, ছাড় না হওয়ায় নিলামে বিক্রীত গাড়ি ও বিক্রি না হওয়া গাড়ির তালিকাসহ বিল অব এন্ট্রি, ঋণপত্রের (এলসি) অনুলিপি, শুল্কায়ন অনুলিপি, আউট পাসসহ যাবতীয় তথ্য সংগ্রহ করবে দুদক।এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম ও বেনাপোল বন্দরে বিগত দুই বছরের জমাকৃত ট্রেজারি চালানের অনুলিপিও চেয়েছে দুদক। আবার একই সঙ্গে এসব বন্দরে নিলামে বিক্রীত মালামালের রেকর্ডপত্রও চাওয়া হয়েছে।