কাস্টমসে দিনে সাড়ে ৪৭ লাখ টাকার ঘুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইবির সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান (মাঝে) ও হাফিজউদ্দিন খান (ডানে) l প্রথম আলো
টিআইবির সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান (মাঝে) ও হাফিজউদ্দিন খান (ডানে) l প্রথম আলো

চট্টগ্রাম কাস্টম হাউসে দৈনিক গড়ে সাড়ে ৪৭ লাখ টাকার ঘুষ লেনদেন হয়। দ্রুত পণ্য খালাস করতে পদে পদে ব্যবসায়ীদের ঘুষ দিতে হয়। অপর প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরে দৈনিক গড়ে ১৭ লাখ ২০ হাজার টাকা ঘুষ দিতে হয় আমদানিকারককে। শুধু আমদানি করা পণ্যের কনটেইনার খালাস করার সময় সমপরিমাণ ঘুষ লেনদেন হয়। শুল্ক বিভাগ ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত।
গতকাল সোমবার ‘চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসে আমদানি-রপ্তানিপ্রক্রিয়ায় অটোমেশন: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণাটি প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের প্রায় ৮৭ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। আর চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে দেশের মোট আমদানির ৫৩ শতাংশ এবং রপ্তানির ৭০ শতাংশ শুল্কায়ন হয়।
স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করার জন্য ১৯৯৫ সালে কাস্টম হাউসে অটোমেশন-প্রক্রিয়া শুরু হয়। প্রাথমিকভাবে কাস্টম হাউসের তথ্য সংরক্ষণেই অটোমেশনব্যবস্থা ছিল। পর্যায়ক্রমে তা এই সুবিধা বাড়ানো হয়। গত বছরের জুলাই মাসে অ্যাসাইডা ওয়ার্ল্ড নামে সর্বশেষ স্বয়ংক্রিয় ব্যবস্থাটি চালু করা হয়। পুরো অটোমেশনের কথা বলা হলেও এই প্রক্রিয়ায় শুধু আমদানি-রপ্তানিকারকেরা বিল অব এন্ট্রি দাখিল ও সংশ্লিষ্ট ফাইলের অবস্থান জানতে পারেন। কিন্তু অভ্যন্তরীণ কার্যক্রম সব চলে সনাতন পদ্ধতিতে। সংশ্লিষ্ট
কর্মকর্তাদের সই নিতে হয়। একজন শুল্ক কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই কাগজবিহীন ব্যবস্থা চালুর চেষ্টা চলছে।
প্রসঙ্গত, পূর্ণাঙ্গ অটোমেশনের মূল উদ্দেশ্য—শুল্কায়ন ও পণ্য খালাসে কাগজবিহীন ব্যবস্থা প্রণয়ন, অনলাইনে বিল পরিশোধের সুযোগ দেওয়া ইত্যাদি। কিন্তু বিগত ১৯ বছরেও কাস্টম হাউসে পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা চালু হয়নি। অন্যদিকে ২০০৯ সালে বন্দরে স্বয়ংক্রিয় সেবাপদ্ধতি চালু করা হয়।
টিআইবির কর্মসূচি ব্যবস্থাপক মনজুর-ই-ইলাহী ও জুলিয়েট রোজেটির এই গবেষণায় বলা হয়েছে, কাগজবিহীন অফিস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও এখনো প্রতিটি ধাপে ম্যানুয়াল স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। এর ফলে নিয়মবহির্ভূত অর্থ (ঘুষ)
লেনদেনের সুযোগ বিদ্যমান থেকে গেছে। ঘুষ দিলে কাজ দ্রুত হয়।
গবেষণায় বলা হয়, কাস্টম হাউস, বন্দরে কনটেইনার হ্যান্ডেলিং ও জাহাজ বার্থিং—এই তিন পর্যায়ে নিয়মবহির্ভূত লেনদেন হয়। আমদানি পর্যায়ে কাস্টম হাউসে একটি কমার্শিয়াল পণ্যের চালান খালাস করতে তিন হাজার টাকা ঘুষ দিতে হয়। দৈনিক গড়ে ৫৫০টি চালানের বিপরীতে ঘুষের পরিমাণ সাড়ে ১৬ লাখ টাকা। বন্ডের পণ্যের ক্ষেত্রে চালানপ্রতি এক হাজার ৩০০ টাকা দিতে হয়। দৈনিক ৬০০টি চালানের বিপরীতে সাত লাখ ৮০ হাজার টাকা ঘুষ লেনদেন হয়। আর কায়িক পরীক্ষণ হয় এমন প্রতি কনটেইনারের ক্ষেত্রে চার হাজার টাকা ঘুষ দিতে হয়। দৈনিক গড়ে ৩০৫টি কনটেইনারের বিপরীতে ১২ লাখ ২০ হাজার টাকা ঘুষ দিতে হয়। সব মিলিয়ে আমদানি পর্যায়ে দৈনিক ঘুষ লেনদেনের পরিমাণ সাড়ে ৩৬ লাখ টাকা। বর্তমানে অনলাইনে বিল অব এন্ট্রি দাখিল করলে শুল্কায়নে ১১টি ধাপ এবং কায়িক পরীক্ষাসহ পণ্যের শুল্কায়নে ১৭টি ধাপ রয়েছে। আর রপ্তানি পণ্যের ক্ষেত্রে ন্যূনতম পাঁচটি ধাপে শুল্কায়ন হয়।
একইভাবে রপ্তানি-প্রক্রিয়ায় দৈনিক ১১ লাখ টাকা ঘুষ লেনদেন হয়। এর মধ্যে কাস্টম হাউসে পণ্য পরীক্ষণে ৩০০ টাকা করে দৈনিক দুই হাজার ২০০টি চালানে মোট ছয় লাখ ৬০ হাজার টাকা ঘুষ দেন রপ্তানিকারকেরা। আর ডিপোতে পণ্য পরীক্ষণে ২০০ টাকা, দৈনিক মোট চার লাখ ৪০ হাজার টাকা ঘুষ দিতে হয়।
অন্যদিকে আমদানি পর্যায়ে বন্দরে দৈনিক গড়ে দুই হাজার কনটেইনার ওঠানো-নামানো হয়। এতে ১৭ লাখ ২০ হাজার টাকা ঘুষ লেনদেন হয়। এ ছাড়া জাহাজ বার্থিং পর্যায়ে অন বোর্ড কাস্টমস বুকিং, পোর্ট ক্লিয়ারেন্স, নাইট নেভিগেশন, ভাটায় নেভিগেশন, ওভার ড্রাফটসহ ১৮টি সেবায় ঘুষ দিতে হয়। এই ঘুষের পরিমাণ ২০০ টাকা থেকে ৩০ হাজার টাকা।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নিয়মবহির্ভূত অর্থ লেনদেনের কারণে ভোক্তাপর্যায়ে পণ্যের দাম বাড়ে। এতে ভোক্তার ওপর চাপ বাড়ে। তিনি মনে করেন, চট্টগ্রাম বন্দর পুরোপুরি অটোমেশন করা গেলে সেবাগ্রহীতা ও প্রদানকারীর মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ হবে না। এতে দুর্নীতি কমবে। একশ্রেণির কাস্টমস কর্মকর্তার স্বার্থের কারণে পুরো অটোমেশন করা হচ্ছে না। এতে ওই কর্মকর্তারাই নিয়মবহির্ভূত অর্থ নিয়ে বাড়তি সুবিধা পাচ্ছেন।
টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান বলেন, শুল্কায়নব্যবস্থা পুরোপুরি স্বয়ংক্রিয় পদ্ধতিতে আনা উচিত।
সুপারিশ: চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসে ঘুষ লেনদেন বা দুর্নীতি কমাতে গবেষণা প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। নিয়মবহির্ভূত অর্থ আদায় বন্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এ ছাড়া স্বাধীন ও নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়মিত বিরতিতে বন্দর ও কাস্টম হাউসের কর্মদক্ষতা ও অটোমেশনের কার্যকারিতা পরিমাপে পারফরম্যান্স ইভালুয়েশন করার সুপারিশ করেছে টিআইবি।
উল্লেখ্য, গত জানুয়ারি থেকে জুন—ছয় মাস সময় নিয়ে এই গবেষণাটি করা হয়েছে। বন্দর ও কাস্টম হাউসের কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যবসায়ী নেতা, শিপিং এজেন্ট, সাংবাদিক ও অন্য অংশীদারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে টিআইবি।
প্রতিক্রিয়া: টিআইবির প্রতিবেদনে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কাস্টমস কমিশনার মাসুদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘টিআইবির প্রতিবেদনটি এখনো হাতে পাইনি। প্রতিবেদনটি পাওয়ার পরই প্রতিক্রিয়া জানাব।’
চট্টগ্রাম বন্দরের নবনিযুক্ত সচিব মোহাম্মদ জাকের হোছাইন প্রথম আলোকে জানান, টিআইবির প্রতিবেদনটি দেখে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রথম আলোকে বলেন, কাস্টম হাউসে ঘুষ দিতে হয়, এটা সত্যি। পুরোপুরি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে এ অবস্থা থেকে বেরিয়ে আসা যেত। ব্যবসায়ীদের কেন ঘুষ দিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, কোনো পণ্যের চালান জাহাজ থেকে বন্দরে নামানোর পর চার দিন বিনা ভাড়ায় রাখা যায়। এর পর থেকে প্রতিটি কনটেইনার বা সাধারণ পণ্যের মাশুল গুনতে হয়। এই মাশুল থেকে বাঁচতে দ্রুত পণ্য খালাসের জন্য ‘স্পিডমানি’ দিতে বাধ্য হন ব্যবসায়ীরা। আবার আমদানি দলিলে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের জন্যও ঘুষ দিতে হয়।