কিংফিশার এয়ারের উড্ডয়ন স্থগিত
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কিংফিশার এয়ারলাইনসের বিমান উড্ডয়ন কার্যক্রমের লাইসেন্স বা অনুমতিপত্র স্থগিত করেছে।তবে দেশটির কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী অজিত সিং বিমান সংস্থাটিকে আরও কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন। তিনি জানান, ‘বিমান সংস্থাটি কীভাবে পুনরায় কার্যক্রম পরিচালনা করবে সে ব্যাপারে যদি সুনির্দিষ্ট ও যুক্তিসংগত কোনো পুনর্গঠন পরিকল্পনা দাখিল করতে এবং কর্মীদের পাওনা পরিশোধে ব্যর্থ হয়, তাহলে তাদের লাইসেন্স বা অনুমতিপত্রটিই বাতিল করতে পারে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ)।’ডিজিসিএ শনিবার কিংফিশার এয়ারলাইনসের লাইসেন্স স্থগিত করার পর এক প্রতিক্রিয়ায় অজিত সিং তাঁর বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। ধর্মঘটী কর্মীদের সঙ্গে সমঝোতা আলোচনা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে কিংফিশার কর্তৃপক্ষ ১ অক্টোবর কার্যক্রম বন্ধ ঘোষণা করে, যা শুক্রবার ২৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।মদের ব্যবসায়ী বিজয়া মাল্লারের মালিকানাধীন কিংফিশার এয়ারলাইনস বর্তমানে আট হাজার কোটি রুপি লোকসান ও সাত হাজার ৫২৪ কোটি রুপির ব্যাংকঋণের মুখে রয়েছে। সংস্থাটির বর্তমানে মাত্র ১০টি এয়ারক্র্যাফট বা বিমান রয়েছে। মাত্র এক বছর আগেও এ সংখ্যা ছিল ৬৬। সূত্র: পিটিআই।